চোটের ধাক্কায় বিপর্যস্ত ফ্রান্স, এবার ছিটকে গেলেন এমবাপ্পে

চোটের ধাক্কায় বিপর্যস্ত ফ্রান্স, এবার ছিটকে গেলেন এমবাপ্পে

একটির পর একটি চোটে এমনিতেই বিপর্যস্ত ফ্রান্স দল। এবার সেই দুশ্চিন্তা আরও বাড়ালেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি থাকায় নেশনস লিগে ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না এই ফরাসি ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

বুধবার সংবাদ সম্মেলনে এমবাপ্পের না খেলার বিষয়টি নিশ্চিত করেন ফ্রান্সের কোচ জিনেদিন জিদান। সতীর্থরা ক্লেয়ারফঁতে অনুশীলন শেষে মিলানের উদ্দেশে রওনা হলেও চিকিৎসা ও বিশ্রামের জন্য সেখানেই থেকে গেছেন এমবাপে। তবে দলের সঙ্গেই থাকবেন তিনি। আগামী রোববার বোর্দোতে তুরস্কের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে তাঁকে পাওয়ার আশা করছে ফ্রান্স।

এমবাপ্পের চোট নিয়ে জিদান বলেন, ‘কিলিয়ান আগামীকাল খেলবে না। সে সামান্য ব্যথা অনুভব করেছে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। বিষয়টি হতাশাজনক হলেও ফুটবলে এমনটা হতেই পারে। আশা করছি, চোট গুরুতর নয় এবং রোববার তাকে দলে পাব।’

ফরাসি কোচের বিশ্বাস, এমবাপ্পের অবস্থা আশঙ্কাজনক নয়। তিনি বলেন, ‘আমার মনে হয়, সে ঠিক আছে। দলের সঙ্গে থাকছে, এটাও ইতিবাচক। রোববার খেলতে চায় সে। আগামীকাল খেলতে না পারায় সে খুশি নয়। তবে শরীরে অস্বস্তি থাকলে ঝুঁকি নেওয়া উচিত হবে না। মৌসুম এখনো অনেক দীর্ঘ।’

এমবাপ্পেকে নিয়ে ফ্রান্সের এই দুশ্চিন্তা অবশ্য নতুন নয়। জিদানের দায়িত্বে অক্টোবরের প্রথম চার ম্যাচের তিনটিতেই চোটের কারণে খেলতে পারেননি এই তারকা। এবারও তাঁকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে দলকে।

শুধু এমবাপ্পেই নন, চোটের কারণে ফ্রান্সের বাইরে রয়েছেন পিয়েরে কালুলু, মার্কাস থুরাম ও অরেলিয়েঁ চুয়ামেনি। উসমান দেম্বেলেও চোটের কারণে দলে নেই। এমন পরিস্থিতিতে এমবাপের বিকল্প হিসেবে অনূর্ধ্ব-২১ দল থেকে সেনি মায়ুলুকে ডেকেছে ফ্রান্স। চলতি আন্তর্জাতিক বিরতিতে যুব দল থেকে সিনিয়র দলে ডাক পাওয়া তৃতীয় খেলোয়াড় তিনি। এর আগে সায়েল কুম্বেদি ও এলি জুনিয়র ক্রুপিও জাতীয় দলে সুযোগ পেয়েছেন।

মিলানের সান সিরোতে ইতালি ও ফ্রান্সের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন