শীর্ষ ২০ খেলাপি থেকে ঋণ আদায় লক্ষ্যমাত্রার মাত্র ১৭%

শীর্ষ ২০ খেলাপি থেকে ঋণ আদায় লক্ষ্যমাত্রার মাত্র ১৭%
আমার দেশ গ্রাফিক্স

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক তাদের শীর্ষ ২০ ঋণখেলাপির কাছ থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ আদায় করতে পারছে না। এসব খেলাপির কাছে ব্যাংকগুলোর বিপুল পরিমাণ ঋণ আটকে আছে। ঋণ আদায়ে নানা উদ্যোগ ও পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। ঋণ আদায়ে ব্যর্থতার কারণে ব্যাংকগুলোর আর্থিক অবস্থার অবনতি হয়েছে। পাশাপাশি নতুন ঋণ দেওয়ার সক্ষমতাও কমেছে।

গত জুন শেষে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা। এর মধ্যে ছয় ব্যাংকের শীর্ষ ২০ ঋণখেলাপির কাছেই আটকে রয়েছে ৯১ হাজার ১৬৪ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৫৯.৮০ শতাংশ। রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক হলো সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল।

বিজ্ঞাপন

এই ছয় ব্যাংককে চলতি বছরে ১২ হাজার ৬৮৫ কোটি টাকা ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়। কিন্তু ছয় মাসে ব্যাংকগুলো আদায় করেছে মাত্র ২ হাজার ১৫৬ কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ১৭ শতাংশ। এ হারে আদায় চলতে থাকলে বছর শেষে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হবে ব্যাংকগুলো।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ প্রতিবেদন তৈরি করেছে। বিভাগের সচিব নাজমা মোবারেক সম্প্রতি ছয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করে এসব তথ্য তুলে ধরেন।

ব্যাংকগুলোর কর্মকর্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় এসব ঋণের বড় অংশ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে প্রকৃত জামানত ছাড়াই ঋণ নিয়েছেন গ্রাহকরা। ফলে এখন এসব ঋণ আদায় করা যাচ্ছে না। রাজনৈতিক পটপরিবর্তনের পর অধিকাংশ ঋণখেলাপি পলাতক রয়েছেন। কেউ কেউ কারাগারেও আছেন। এমন পরিস্থিতিতে ঋণ আদায় কঠিন হয়ে পড়েছে।

কোন ব্যাংকের আদায় পরিস্থিতি কেমন

শীর্ষ ২০ খেলাপি গ্রাহকের কাছে সবচেয়ে বেশি ঋণ আটকে রয়েছে জনতা ব্যাংকের। ব্যাংকটির শীর্ষ ২০ খেলাপির কাছে খেলাপি ঋণের পরিমাণ ৫৮ হাজার ৬৪২ কোটি ৬৩ লাখ টাকা, যা ব্যাংকটির মোট খেলাপি ঋণের ৭৭ দশমিক ৪৭ শতাংশ। এর মধ্যে বেক্সিমকো, এস আলম ও অ্যাননটেক্স—এই তিন গ্রাহকের কাছেই আটকে রয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা।

তবে শীর্ষ গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায়ের অবস্থা খুবই নাজুক। চলতি ২০২৬ সালে শীর্ষ খেলাপিদের কাছ থেকে ৬ হাজার ৫০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল জনতা ব্যাংক। কিন্তু বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটি আদায় করেছে ৩৩৪ কোটি ৮০ লাখ টাকা, যা বছরের লক্ষ্যমাত্রার ৫.২০ শতাংশ।

একই সময় শীর্ষ ২০ খেলাপির কাছ থেকে বেসিক ব্যাংকের আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৬৫ কোটি টাকা। ব্যাংকটি ছয় মাসে নগদ আদায় করেছে মাত্র ৬৪ কোটি টাকা বা ১১.৩০ শতাংশ।

রূপালী ব্যাংক লক্ষ্যমাত্রার মাত্র ১৪.৩০ শতাংশ আদায় করেছে। ২ হাজার ৩০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংকটি আদায় করতে পেরেছে মাত্র ৩২৯ কোটি টাকা। এ অবস্থায় ব্যাংকটিকে শাখাভিত্তিক মাসিক আদায়ের লক্ষ্যমাত্রা চালু এবং বড় খেলাপিদের জন্য বিশেষ দল গঠনের পরামর্শ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

অগ্রণী ব্যাংকের আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৮০০ কোটি টাকা। এর বিপরীতে ছয় মাসে আদায় হয়েছে ৩৬৩ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ২০.২০ শতাংশ।

লক্ষ্যমাত্রা অনুযায়ী অন্যদের তুলনায় সোনালী ও বিডিবিএলের আদায় পরিস্থিতি ভালো। শীর্ষ ২০ খেলাপির কাছ থেকে চলতি বছর ১ হাজার ৪০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে সোনালী ব্যাংক আদায় করেছে ৯৮৪ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া বিডিবিএল শীর্ষ ২০ গ্রাহকের কাছ থেকে ছয় মাসে আদায় করেছে ৮০ কোটি টাকা। ব্যাংকটির আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১২০ কোটি টাকা। এ অবস্থায় ব্যাংকটিকে খেলাপি ঋণ আদায়কে অগ্রাধিকার দিয়ে পরিচালনা পর্ষদের মাধ্যমে প্রতি তিন মাসের জন্য আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

মামলায় আটকে আছে ১ লাখ

৭৪ হাজার কোটি টাকার বেশি রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের খেলাপি ঋণের বড় অংশই আটকে আছে মামলাজটে। এসব মামলা নিষ্পত্তি না হওয়ায় ব্যাংকগুলো অর্থ আদায় করতে পারছে না। ২০২৬ সালের জুন মাস শেষে ব্যাংকগুলোর খেলাপিদের বিরুদ্ধে ৪৭ হাজার ৪৬৯টি মামলা হয়েছে। এসব মামলায় জড়িত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭২৭ কোটি টাকা।

ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৫২ হাজার ৫০৯ দশমিক ১৪ কোটি টাকা। অথচ অনিষ্পন্ন মামলায় জড়িত অর্থ এর ১১৪ দশমিক ৬ শতাংশ। এমনকি শুধু অর্থঋণ আদালতে চলমান মামলাগুলোতেই জড়িত রয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৫ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ১০৩ দশমিক ৬ শতাংশ।

তথ্যে দেখা যায়, মামলায় অর্থ আটকে থাকার শীর্ষে রয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটির ১১ হাজার ৭০০টি মামলায় জড়িত রয়েছে ১ লাখ ২০ কোটি টাকা। এরপর সোনালী ব্যাংকের ৯ হাজার ৫৮৭টি মামলায় ২৬ হাজার ৭৭৭ কোটি টাকা এবং অগ্রণী ব্যাংকের ১৯ হাজার ৮৩২টি মামলায় ১৬ হাজার ৭৩৬ কোটি টাকা আটকে আছে।

এ ছাড়া বেসিক ব্যাংকের ৬৯২টি মামলায় জড়িত অর্থের পরিমাণ ১৬ হাজার ৩২৫ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৪ হাজার ৭৪৪টি মামলায় ১২ হাজার ৬৬৯ কোটি টাকা এবং বিডিবিএলের ৯১৪টি মামলায় ২ হাজার ১৯৯ কোটি টাকা জড়িত রয়েছে।

অবলোপন ঋণ থেকে আদায়েও গতি নেই

ছয় ব্যাংকের অবলোপন করা ঋণ থেকেও নগদ আদায়ের গতি নেই। প্রতিবেদন অনুযায়ী, ২১ হাজার ৬৮৩.৩৭ কোটি টাকার অবলোপনকৃত ঋণের বিপরীতে বছরে ৫৮৯ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে। জুন পর্যন্ত ছয় ব্যাংক নগদ আদায় করেছে ১৭১.১৫ কোটি টাকা।

মোট আদায়ের মধ্যে এগিয়ে রয়েছে অগ্রণী ব্যাংক। ব্যাংকটি লক্ষ্যমাত্রার ৬৪.৫২% আদায় করেছে। সোনালী ব্যাংক আদায় করেছে ৪৫.৩৩ শতাংশ, রূপালী ব্যাংক ৮.২৮ শতাংশ, বিডিবিএল ১৩.৪০ শতাংশ এবং জনতা ব্যাংক ১৪.৩৫ শতাংশ। আদায়ে পিছিয়ে বেসিক ব্যাংক। ব্যাংকটি লক্ষ্যমাত্রার মাত্র ০.৭৮ শতাংশ আদায় করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...