কাগজে-কলমে নেই কোনো টেন্ডার, নেই উপজেলা প্রশাসনের অনুমোদন। অথচ ইউএনও অনুমোদনের কথা বলে সড়কের পাশে মাদরাসা ও স্থানীয় বাসিন্দাদের গাছ বিক্রির অভিযোগ উঠেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শশীদল ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব শামীম সাব্বির ওরফে মালুর বিরুদ্ধে। এ ছাড়া মাদরাসা কর্তৃপক্ষের কাছ থেকে দুই ধাপে ২৩ হাজার টাকা এবং স্থানীয় দুই ব্যক্তির কাছে গাছ বিক্রি করে প্রায় ১ লাখ ৭৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
উপজেলার চান্দলা টানাব্রিজ থেকে মন্দভাগ বাজার পর্যন্ত সংযোগ সড়কের সংস্কারকাজে কুমিল্লা-মিরপুর মহাসড়কের ফাঁড়ি সড়কটির সোল্ডার নির্মাণে পাশের খাল থেকে এক্সকাভেটর দিয়ে মাটি তোলা হচ্ছে। নির্মাণকাজে সড়কের পাশের গাছ প্রতিবন্ধকতা তৈরি করায় নিজ নিজ জমিতে থাকা গাছ অপসারণ করতে উদ্যোগী হন কয়েকজন মালিক।
মালিকপক্ষকে বাধা দিয়ে সরকারিভাবে টেন্ডারের ভুয়া অনুমোদন কাগজ দেখিয়ে ওই গাছের মালিকানা দাবি করেন অভিযুক্ত ছাত্রদল নেতা। সড়কের পাশের সব গাছ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে টেন্ডারের মাধ্যমে বরাদ্দ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলে মাদরাসার প্রতিষ্ঠাতার ছেলের গায়ে হাত তোলেন ছাত্রদল নেতা। বাধ্য হয়ে উপজেলা ইউএনওর কার্যালয়ে এসে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় তারা জানতে পারেন, শামীম সাব্বিরের অনুমোদন পাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
দাওয়াতুল হক তা’লিমুল কোরআন মাদরাসার প্রধান শিক্ষক জানান, মাদরাসার জায়গায় রাস্তার পাশের গাছগুলো কিছু লোকজন এসে কেটে নিয়ে যাচ্ছেন। আমরা বাধা দিলে তারা শামীম সাব্বিরের কাছ থেকে গাছগুলো কিনেছেন বলে দাবি করেন। তখন আমরা সাব্বিরের কাছে জানতে চাইলে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে নাকি অনুমোদন নিয়ে এসেছেন। সঙ্গে সঙ্গে আমরা উপজেলায় গেলে জানতে পারি, সেখান থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। তখন সাব্বির আমাদের মাদরাসার প্রতিষ্ঠাতার ছেলে মিজান ভাইয়ের কাছ থেকে নানা কৌশলে ২৩ হাজার টাকা নিয়ে যান। তারপরেও তিনি কোনো সমাধান না করে আমাদের গাছগুলো নিয়ে যেতে চাচ্ছেন।
অন্যদিকে গাছ বিক্রির আর্থিক হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীদের দাবি, চান্দলার আনু ব্যাপারীর কাছে ৮৬ হাজার টাকা এবং দেউস গ্রামের জীবন মিয়ার কাছে প্রায় ৯০ হাজার টাকায় গাছ বিক্রির কথা বলা হয়েছে। দুই ব্যক্তির কাছে গাছ বিক্রির এ প্রক্রিয়ায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ লাখ ৭৬ হাজার টাকা।
দেউস গ্রামের ভুক্তভোগী আবু তালেব বলেন, রাস্তার পাশে আমার একটু জায়গা আছে, সেখানের গাছগুলো আমার। একদিন সাব্বির এসে বলল, রাস্তার পশ্চিম পাশের গাছগুলো সে নিলামে নিয়ে এসেছে আর পূর্ব পাশেরগুলো যেন আমি কেটে নিই। হঠাৎ একদিন দেখি জীবন নামে এক লোক এসে সব গাছ কাটছে। তাকে জিজ্ঞেস করলে সে জানায়, ৯০ হাজার টাকা দিয়ে শামীম সাব্বিরের কাছ থেকে কিনে নিয়েছে। তারপর ইউএনওর কাছে গেলে প্রমাণ হয়ে যায় সাব্বির সব মিথ্যা বলছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শশীদল ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব শামীম সাব্বির বলেন, সব অভিযোগ মিথ্যা। বন কর্মকর্তা আসার পর তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
এদিকে প্রশাসনিক অনুমোদনের কথা বলে গাছ বিক্রির যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম জানান, ওই সড়কের গাছ কাটার কিংবা বিক্রির জন্য কোনো টেন্ডার আহ্বান করা হয়নি এবং কাউকে কোনো ধরনের প্রশাসনিক অনুমতিও দেওয়া হয়নি।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার একটি মাদরাসার সামনের গাছের বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার কথা হয়েছিল। সড়কের পাশের গাছ বিক্রির অনুমোদনের বিষয়ে তিনি অবগত নন।
বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

