মাসে জিডি প্রায় দুই লাখ তদন্তে অনীহা পুলিশের

মাসে জিডি প্রায় দুই লাখ তদন্তে অনীহা পুলিশের
আমার দেশ গ্রাফিক্স

নিজের ও পরিচিতজনদের বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির উদ্দেশ্যে ফেসবুকে পেজ খোলেন রাজধানীর নয়াপল্টনের গৃহবধূ আফছানা। কিন্তু হ্যাকার গ্রুপ পেজটি হ্যাক করে নানা অশ্লীল ছবি ও ভিডিও আপলোড করে। পেজটি ফিরে পেতে তিনি ২০২৩ সালের ১৬ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ১০৪৬।

জিডির তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই পারভেজ ভূঁইয়াকে। জিডির পর কোনো আপডেট জানায়নি পুলিশ, একবারের জন্য কেউ খবরও নেয়নি।

বিজ্ঞাপন

এসআই পারভেজ বলেন, আমরা জিডিটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে পাঠিয়ে দিয়েছি। কিন্তু ডিবি কার্যালয়ে খবর নিয়ে ওই জিডির কোনো আপডেট পাওয়া যায়নি।

একই এলাকার বাসিন্দা আলাউদ্দিন জানান, গত ১৫ মার্চ তার আইফোন হারিয়ে যায়। সেদিনই শাহবাগ থানায় জিডি (নম্বর ১০৬১) করেন। সেই জিডির কপি পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে মোবাইল ফোনটি উদ্ধারের জন্য অনুরোধ করেন। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও থানা থেকে কেউ একবারের জন্যও খবর নেয়নি বা মোবাইল উদ্ধারের চেষ্টার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে দেশের বিভিন্ন থানায় এক লাখ ৮৫ হাজার ৮৮৭টি জিডি হয়েছে। এর মধ্যে অনলাইনে এক লাখ ১১ হাজার ৯৪২টি এবং থানায় সশরীরে হাজির হয়ে ৭৩ হাজার ৭০৩টি জিডি হয়। ওই মাসে অনলাইনে জিডির হার ছিল ৬০ শতাংশ। বর্তমান সরকারের প্রথম ৯ মাসে শুধু অনলাইনে ১৫ লাখ ৬৩ হাজার ৩৫৩টি জিডি করা হয়েছে। এর বাইরে বিপুল সংখ্যক জিডি হয়েছে থানায় সশরীরে হাজির হয়ে।

পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, প্রতিমাসে গড়ে অনলাইন ও সশরীরে হাজির হয়ে বিভিন্ন থানায় ভুক্তভোগী মানুষ প্রায় দুই লাখ জিডি করে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, দেশে বর্তমানে ৬৫৪টি থানাতেই জিডি হয়। কিন্তু জনবল সংকট ও নানা সীমাবদ্ধতায় পুলিশ এত বিশাল সংখ্যক জিডি তদন্ত করতে পারে না। এসব জিডির তদন্তে প্রত্যেকটি থানায় একটি করে ‘জিডি তদন্ত ডেস্ক’ চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে প্রথমে মডেল থানাগুলোকে বেছে নিয়ে পাইলট প্রকল্প করার পরামর্শ দিয়েছেন তারা।

১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধিতে জিডি সম্পর্কে বলা রয়েছে। এই আইনের ১৫৪ ধারায় আমলযোগ্য অপরাধের তথ্য এজাহার হিসেবে লিপিবদ্ধ করা ও ১৫৫ ধারায় আমল-অযোগ্য অপরাধের তথ্য লিপিবদ্ধ এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্তের বিধান রয়েছে। এছাড়া পুলিশ প্রবিধান ৩৭৭ বিধিতে থানার সাধারণ ডায়েরি কীভাবে সংরক্ষণ করতে হবে সেটা বলা আছে। সাধারণত জিডির প্রধান উদ্দেশ্যগুলো হলোÑ কোনো ঘটনা বা অভিযোগের সরকারি রেকর্ড তৈরি করা। ভবিষ্যতে কোনো অপরাধ ঘটলে পূর্ববর্তী অভিযোগের প্রমাণ হিসেবে তথ্য সংরক্ষণ করা। প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতা বা হয়রানির বিষয় পুলিশকে অবহিত করা।

হারানো বা নিখোঁজ ব্যক্তি, দলিল, সনদ, পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন মালামাল কিংবা গুরুত্বপূর্ণ কাগজপত্রের তথ্য সংরক্ষণ করার জন্যও জিডি করা হয়। কোনো ঘটনা নিয়ে ভবিষ্যতে বিরোধ বা আইনি জটিলতা সৃষ্টি হলে পূর্ববর্তী তথ্যের রেকর্ড রাখার জন্য জিডি করা হয়।

জিডির আরো উদ্দেশ্যে হলোÑপুলিশের কাছে কোনো ঘটনার পূর্বাপর তথ্য পৌঁছে দেওয়া।

পুলিশ আইন ১৮৬১-এর ৪৪ ধারায় বলা হয়েছে, প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব হলো তিনি সাধারণ ডায়েরি সংরক্ষণ করবেন। জেলার ম্যাজিস্ট্রেট এই ডায়েরি তলব ও পরিদর্শন করতে পারবেন।

জিডি করে প্রতিকার নেই

প্রায় তিন বছর আগে থানায় জিডি করেও কোনো প্রতিকার পাননি রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা জিয়াউল হক। তিনি আমার দেশকে জানান, বাংলা হাইকেট প্রপার্টিজ লিমিটেড নামে ডেভেলপার প্রতিষ্ঠানে একটি ফ্ল্যাট বুকিং দেন তিনি। ডেভেলপার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আল আমিন গোলাম মইন উদ্দিন আহমেদ মাসুম নানা অজুহাতে তার কাছে অতিরিক্ত অর্থ দাবি করতে থাকেন। কয়েকবার অতিরিক্ত অর্থ দেওয়ার পরও মাসুমের লোভ থামছিল না। বরং তার নামে বুকিং দেওয়া ফ্ল্যাট বেশি দামে অন্যজনের কাছে বিক্রির অপচেষ্টা করেন। নিরুপায় হয়ে জিয়াউল প্রতিকার চেয়ে খিলগাঁও থানায় জিডি করেন। কিন্তু পুলিশ কোনো তদন্ত করেনি বা সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করেনি।

এ বিষয়ে পুলিশকে বারবার অনুরোধ করলে খিলগাঁও থানার তৎকালীন ওসি আদালত থেকে অনুমোদন আনার পরামর্শ দেন জিয়াউলকে। তিনি আদালতে গিয়ে আর্জি দেন। সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি শুনে খিলগাঁও থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপরও পুলিশ বিষয়টি তদন্ত করেনি। পরে পুলিশ জানায়, ‘থানায় করা জিডির নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না।’

জিয়াউল বলেন, আমি থানায় জিডি করলেও তিন বছরের বেশি সময়েও কোনো প্রতিকার বা তদন্ত কার্যক্রম দেখতে পাইনি।

এভাবে প্রতিনিয়ত বিভিন্ন থানায় জিডি করে প্রতিকার বা তদন্তের আশায় থাকেন ভুক্তভোগীরা। কিন্তু পুলিশের কাছ থেকে আশানুরূপ প্রতিকার পাওয়া যায় না। তবে বিষয়টি অস্বীকার করে পুলিশ বলছে, তারা জিডির বিষয়বস্তু ও গুরুত্ব অনুযায়ী তদন্ত করে থাকে।

জিডির বিষয়বস্তু অনুযায়ী তদন্ত

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা আমার দেশকে বলেন, সারা দেশের থানাগুলোতে প্রতিনিয়ত বিপুল সংখ্যক জিডি হয়। এসব জিডির বিষয়বস্তু ও আনুপাতিক গুরুত্ব অনুধাবন করে পুলিশ তদন্ত করে থাকে। বিশেষ করে কোনো ব্যক্তি বা শিশু নিখোঁজের জিডিগুলো অধিকতর গুরুত্বসহকারে তদন্ত করে পুলিশ। আমল-অযোগ্য কিছু জিডির তদন্ত করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। পুলিশ আদালতের অনুমতি নিয়ে সব জিডির তদন্ত করে থাকে।

প্রতিটি জিডির তদন্ত হওয়া উচিত

প্রতিটি জিডির তদন্ত হওয়া উচিত উল্লেখ করে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ আমার দেশকে বলেন, ‘জিডি সাধারণত দুই ধরনের হয়। একটি হচ্ছে ‘অবহিতকরণ’, অন্যটি হচ্ছে ‘প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন।’ নিয়ম অনুযায়ী প্রতিটি জিডির জন্য এএসআই বা এসআই মর্যাদার একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। ওই প্রতিবেদনের আলোকে আমলযোগ্য অপরাধের মামলা হবে। আবার আমলযোগ্য না হলে চূড়ান্ত প্রতিবেদনও হতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, হাতেগোনা দুয়েকটি ঘটনা ছাড়া কোনো জিডির তদন্তে আগ্রহ দেখায় না পুলিশ।

তিনি আরো বলেন, জিডি একজন নাগরিকের আবেদন। তিনি প্রতিকার চেয়ে রাষ্ট্রীয় সংস্থার কাছে আবেদন করলে পুলিশের উচিত সেটার তদন্ত করে প্রতিকার করা। তদন্ত করে সঠিক প্রতিবেদন দাখিল করে জিডিকে মামলায় রূপান্তর করা। তাছাড়া আমল-অযোগ্য কিছু ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতির বিধান রয়েছে। কিন্তু 0.৫ শতাংশ ক্ষেত্রে সেটা পুলিশ করে না।

থানায় জিডি তদন্ত ডেস্ক খোলার পরামর্শ

অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক আমার দেশকে বলেন, জিডি হচ্ছে আইনি ব্যবস্থা গ্রহণের প্রাথমিক পদক্ষেপ। সারা দেশের থানাগুলোতে প্রতিনিয়ত এত বেশি জিডি হচ্ছে যে, অনেকক্ষেত্রে পুলিশ ইচ্ছা থাকা সত্ত্বেও সেগুলো তদন্ত করতে পারে না। তাদের লোকবল ও লজিস্টিক ঘাটতিসহ নানাবিধ সমস্যা রয়েছে। জিডির পর যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সংশ্লিষ্ট থানা পুলিশের প্রতি ভুক্তভোগী মানুষের আস্থা কমে যাবে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর উচিত জিডির সঠিক তদন্ত করা।

তিনি আরো বলেন, আমরা সাধারণত দেখি যেসব ঘটনায় গণমাধ্যমের ফোকাস রয়েছে, যেসব ব্যক্তি সমাজে আর্থিক বা রাজনৈতিকভাবে প্রভাবশালী তাদের জিডিগুলো গুরুত্ব দিয়ে তদন্ত হয়। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা হয় না। ফলে সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা হারায়।

তিনি আরো বলেন, বর্তমানে বিভিন্ন থানায় নারী ও শিশু হেল্প ডেস্কসহ নানা ডেস্ক রয়েছে। এক্ষেত্রে শুধু জিডি তদন্তের জন্য আলাদা ডেস্ক করা যেতে পারে। সেখানে নির্দিষ্ট জনবল থাকবে; যারা থানায় রেকর্ড হওয়া জিডিগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। প্রয়োজনীয় তদন্ত প্রতিবেদন দাখিল করবে। বর্তমানে থানাগুলোতে জিডি তদন্তে কোনো ডেস্ক থাকার কোনো তথ্য আমাদের জানা নেই। পুলিশ প্রাথমিকভাবে দেশের মডেল থানাগুলোতে পাইলট প্রকল্প হিসেবে জিডির তদন্ত ডেস্ক চালু করতে পারে। সেখান থেকে লব্ধ অভিজ্ঞতা নিয়ে দেশের প্রতিটি থানায় জিডির তদন্ত ডেস্ক চালু করা যেতে পারে। এতে আইনের সহযোগিতা প্রত্যাশা করা মানুষের পুলিশের প্রতি আস্থা বাড়বে। এছাড়াও এর মাধ্যমে অনেক বড় অপরাধও নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করা সম্ভব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...