মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা-মা

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা-মা

সন্তানকে সুস্থ জীবনে ফেরানোর শেষ চেষ্টা হিসেবে মাদকাসক্ত ছেলেকেই আইনের হাতে তুলে দিলেন বাবা-মা। দীর্ঘদিন ধরে মাদক সেবন, বাবা-মাকে মারধর, প্রতিবেশীদের সঙ্গে অসদাচরণ এবং ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে মাদারীপুরের রাজৈরে সেলিম হাওলাদার (২২) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের গঙ্গাবর্দী গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত সেলিম ওই গ্রামের মো. সিরাজ হাওলাদারের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম দীর্ঘদিন ধরে মাদক সেবনে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি নিজে মাদক গ্রহণের পাশাপাশি অন্যদেরও মাদকে উৎসাহিত করতেন। নেশাগ্রস্ত অবস্থায় পাড়া-প্রতিবেশীদের সঙ্গে অসদাচরণ করতেন এবং নিজের বাবা-মায়ের গায়েও হাত তুলতেন। পাশাপাশি ঘরের আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন। ছেলের এমন আচরণে দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন বাবা-মা।

শেষ পর্যন্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাবা মো. সিরাজ হাওলাদার রাজৈর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গঙ্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে মাদকাসক্ত অবস্থায় সেলিমকে আটক করে। পরে রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তাঁকে ভ্রাম্যমাণ আদালতে বিচারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা খাইরুন্নেছার কাছে নিয়ে যান। সেখানে বাবা-মায়ের বক্তব্য ও ঘটনার বিবরণ শুনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সেলিম হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন্নেছা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, একটি পরিবারকেও বিপর্যস্ত করে তোলে। সেলিমের বিষয়ে তাঁর বাবা-মায়ের অভিযোগ ও বক্তব্য শুনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার ও এলাকাবাসীকেও সচেতন হতে হবে।

সেলিমের বাবা মো. সিরাজ হাওলাদার বলেন, ছেলে আমাদের অনেক কষ্ট দিয়েছে। দীর্ঘদিন ধরে মাদক সেবন করে বাড়িতে অশান্তি সৃষ্টি করত। নেশাগ্রস্ত অবস্থায় আমাদের মারধর করত, ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। অনেক চেষ্টা করেও তাকে ভালো পথে ফেরাতে পারিনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের ছেলেকেই পুলিশের হাতে তুলে দিয়েছি। সন্তানকে শাস্তি দেওয়া কোনো বাবা-মায়ের কাম্য নয়, কিন্তু তার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছিলাম।

সেলিমের মা বলেন, যে ছেলেকে এত কষ্ট করে বড় করেছি, আজ তার বিরুদ্ধেই আইনের আশ্রয় নিতে হয়েছে। একজন মা হিসেবে এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। আমরা চাই, সে মাদক ছেড়ে ভালো হয়ে ফিরে আসুক। আর কোনো বাবা-মাকে যেন আমাদের মতো এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ওই যুবক মাদক সেবন করে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে অসদাচরণ করতেন। এমনকি নিজের বাবা-মায়ের গায়েও হাত তুলতেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা-মা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তাঁকে মাদকাসক্ত অবস্থায় আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মাদকাসক্ত সন্তানের বিরুদ্ধে বাবা-মায়ের এমন কঠিন সিদ্ধান্ত এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, মাদকাসক্তি শুধু একজন মানুষের জীবন নয়, পুরো পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ও শান্তি কেড়ে নিতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন