নান্দনিক চট্টগ্রাম গড়তে শুধু সুন্দর রাস্তাঘাট ও আধুনিক স্থাপনা নির্মাণ যথেষ্ট নয়, মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার নগরের বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও বাস টার্মিনাল পরিচালনা কমিটি।
জেলা প্রশাসক বলেন, একটি শহরকে পরিচ্ছন্ন ও নান্দনিক করতে সরকারি সংস্থার পাশাপাশি প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। শুধু আইন প্রয়োগ বা জরিমানা করে পরিবর্তন সম্ভব নয়। এ জন্য মানুষের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করতে হবে।
তিনি জানান, গত জুলাই থেকে চট্টগ্রামজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। গত ২৭ জুলাই প্রায় ছয় হাজার সরকারি কর্মচারীর অংশগ্রহণে বিভিন্ন সরকারি দপ্তর ও এর প্রাঙ্গণ থেকে ১৩৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়। এ ছাড়া পতেঙ্গা সমুদ্রসৈকত, খেজুরতলীসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গত সপ্তাহে চট্টগ্রাম রেলস্টেশনের পর এবার বহদ্দারহাট বাস টার্মিনালে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
বহদ্দারহাট বাস টার্মিনালের গুরুত্ব তুলে ধরে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এখান থেকে প্রতিদিন ৯০০টির বেশি বাস বিভিন্ন গন্তব্যে চলাচল করে। প্রায় ৫০ থেকে ৬০ হাজার যাত্রী এ টার্মিনাল ব্যবহার করেন। তাই এখানে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, লাইসেন্সবিহীন ও শারীরিক-মানসিকভাবে অসুস্থ চালকদের গাড়ি চালানোর সুযোগ দেওয়া যাবে না। চালকের পর্যাপ্ত ঘুম, গাড়ির ফিটনেস এবং সংশ্লিষ্ট সড়ক সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে কি না, তা মালিকদের নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, অতিরিক্ত গতি ও যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো বন্ধ করতে হবে। দুর্ঘটনার পর যানবাহনে অগ্নিসংযোগের প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন। এ জন্য চালক, মালিক, যাত্রী ও পথচারী—সব পক্ষের সচেতনতা জরুরি।
পরিবহন শ্রমিকদের দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, তাদের দক্ষতা বাড়ানো গেলে বিদেশের শ্রমবাজারেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, একদিন পরিষ্কার করলেই দায়িত্ব শেষ হবে না। টার্মিনাল পরিষ্কার রাখার দায়িত্ব পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবার। তারা উদ্যোগ অব্যাহত রাখলে সিটি করপোরেশন ও সিডিএর সঙ্গে সমন্বয় করে জেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন চৌধুরী টার্মিনালের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানান, আশপাশের সড়ক উঁচু করায় টার্মিনালটি নিচু হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে। এ সমস্যা সমাধানে টার্মিনালের ভূমি আশপাশের সড়কের সমতলে উন্নীত করা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানান তিনি।
পাশাপাশি দোহাজারী ও কেরানীহাট এলাকায় মহাসড়কের ওপর বসা অবৈধ বাজার উচ্ছেদ এবং বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা বলেন, ২০ থেকে ২২টি রুটের যানবাহন এবং বিপুলসংখ্যক শ্রমিক এ টার্মিনাল ব্যবহার করেন। জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার কারণে এককভাবে টার্মিনালটি পরিচ্ছন্ন রাখা কঠিন। তবে জেলা প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত রাখতে শ্রমিকেরা সহযোগিতা করবেন।
কর্মসূচিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিআরটিএর সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি মুসলিম হাসান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা এবং শ্রমিকেরা কর্মসূচিতে অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


