উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটি ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তবে ইরানের এ দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। খবর আলজাজিরার।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় উপসাগরের আকাশে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এতে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার ইরানের সেনাবাহিনী জানায়, হামলার পর পাইলট তার অভিযান বাতিল করতে বাধ্য হতে হয়। পরে তিনি কাছের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড সেন্টকম ইরানের এ দাবি নাকচ করেছে।
এক বিবৃতিতে তারা জানায়, শুক্রবার কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ইরান হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবিমান নিরাপদ রয়েছে এবং সেগুলোর অবস্থান সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য তাদের কাছে রয়েছে।
এ নিয়ে দুই দেশের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেলেও ইরানের দাবির পক্ষে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




