ফেনী শহরের হাজী ফজল মাস্টার লেনে গ্র্যান্ড হক টাওয়ারের পেছনে হাজী এনাম টাওয়ারের ষষ্ঠ তলার একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে দরজার তালা ভেঙে বাসায় ঢুকে আলমারি থেকে ৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে চোর।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরদিকে, একই দিন শহরের একাডেমি এলাকার বনানীপাড়ায় এক প্রবাসীর বাসায়ও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, ওই বাসার ভাড়াটিয়া আবদুল কাইয়ুম মজুমদার হেলাল প্রতিদিনের মতো ফুলগাজী উপজেলার মুন্সিরহাটে নিজের দোকানে চলে যান। তার স্ত্রী ফিরোজা আক্তার নাসরিন ছেলের মাদ্রাসা ফেনী আলিয়া নুরানি বিভাগের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে যান। তাদের মেয়ে দুপুর সাড়ে ১২টায় ফেনী বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১টা ২৩ মিনিটে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বাসার মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর আলমারিতে রাখা হার, পাঁচ জোড়া কানের দুল, চারটি চেইন, তিনটি রকেট, আংটি ও ব্রেসলেটসহ প্রায় ৮ ভরি স্বর্ণ এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যান। দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে বাসায় ফিরে তালা ভাঙা দেখতে পান ফিরোজা আক্তার নাসরিন। পরে তিনি তার স্বামীকে বিষয়টি জানান।
এরপর তার স্বামীসহ নিকটাত্মীয়রা বাসায় এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিষয়টি জানান। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তারা ভুক্তভোগী ও বাসার মালিকের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন আলামত জব্দ করেন। বর্তমানে সর্বস্ব হারিয়ে ওই পরিবারের সদস্যরা শোকে কাতর হয়ে পড়েছেন।
গৃহকর্তা আবদুল কাইয়ুম মজুমদার হেলাল জানান, এভাবে একের পর এক দিনদুপুরে চুরির ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ পদক্ষেপ কামনা করেন তিনি।
ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

