আওয়ামী কানেকশনে আতঙ্কে বিএনপি নেতারা

আওয়ামী কানেকশনে আতঙ্কে বিএনপি নেতারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঘিরে বিএনপিতে নতুন করে অস্বস্তি ও আতঙ্ক তৈরি হয়েছে। দলটির নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, গোপনে যোগাযোগ রক্ষা এবং গ্রেপ্তারদের থানা থেকে ছাড়িয়ে আনার অভিযোগ উঠছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে। আওয়ামী লীগ নেতাদের ঠিকাদারি লাইসেন্স ও ব্যবসাপ্রতিষ্ঠান ব্যবহার করে সরকারি কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে কিছু বিএনপি নেতার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

আর্থিক ও ব্যক্তিগত স্বার্থে পলাতক ও বিতর্কিত নেতাকর্মীদের পুনর্বাসনে সহযোগিতার অভিযোগে এবার নিজ দলের নেতাদের বিরুদ্ধেই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ লক্ষ্যে দেশজুড়ে আওয়ামী লীগের আশ্রয়দাতা, অর্থনৈতিক সহযোগী এবং তাদের ব্যবসা-বাণিজ্য সচল রাখতে ভূমিকা রাখা বিএনপি নেতাদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় পর্যায় থেকে এসব অভিযোগের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে। ইতোমধ্যে কয়েকজনকে বহিষ্কার এবং একজনকে শোকজ করা হয়েছে। আরো কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা মিললে পদ-পদবি কেড়ে নেওয়াসহ দলের প্রাথমিক সদস্যপদ বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আমার দেশকে বলেন, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের যদি বিএনপি নেতাকর্মীরা কোনো ধরনের সহযোগিতা বা আশ্রয় দিয়ে থাকে কিংবা তাদের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠিন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দলের অবস্থান জিরো টলারেন্স।

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে বিএনপি নেতারা কাজ করছেনÑএমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, আওয়ামী লীগ নেতাদের লাইসেন্স নিয়ে বিএনপি নেতাদের কাজ করার কোনো সুযোগ নেই। তারপরও যদি কেউ এমনটি করে থাকে, তাহলে তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের অভ্যন্তরে ও বিদেশে অবস্থান করে অর্থনৈতিক ও সাংগঠনিক তৎপরতা চালানোর সুযোগ পেলে তা বর্তমান সরকারের জন্য রাজনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে দলটির নেতাদের ব্যবসা-বাণিজ্য সচল রাখা এবং তাদের আর্থিক লেনদেনে সহযোগিতার মাধ্যমে একটি অংশ দলটির অর্থের জোগান অব্যাহত রাখছে বলে অভিযোগ উঠেছে। এসব অর্থ ব্যবহার করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন বিএনপি নেতারা।

সূত্র জানায়, জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অধিকাংশ নেতা দেশ ছেড়ে পালিয়ে যান। তবে দেশে অবস্থানরত নেতাদের একটি অংশ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতার আশ্রয়-প্রশ্রয়ে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাদের নামে থাকা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজের বড় একটি অংশ অসম্পন্ন থেকে যায়। আর্থিক লেনদেনের মাধ্যমে সেসব কাজ সম্পন্ন করছেন বিএনপির কিছু নেতাকর্মী। অভিযোগ রয়েছে, বিএনপি নেতাদের ঠিকাদারি লাইসেন্সের তুলনায় আওয়ামী লীগ নেতাদের লাইসেন্সে পয়েন্ট বেশি থাকায় সেগুলো ব্যবহার করে সরকারি কাজের দরপত্রে অংশ নিচ্ছেন তারা। এসব কাজ থেকে অর্জিত মুনাফার একটি অংশ সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা ও দেখভালের দায়িত্বও নিয়েছেন বিএনপির কিছু নেতা।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের নজরে এসেছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশে অবস্থানরত একটি অংশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতায় ব্যবসা-বাণিজ্য ও আর্থিক কার্যক্রম সচল রেখেছে। এসব ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ নেতারা আর্থিকভাবে শক্তিশালী হচ্ছেন বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকরা। তাদের আশঙ্কা, দেশ-বিদেশ থেকে আসা অর্থ ব্যবহার করে তারা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতা অর্জন করতে পারেন।

বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, দখলদারি, সহিংসতা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে গত কয়েক মাসে সারা দেশের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে দলটি। এরপরও আওয়ামী লীগের অভিযুক্ত ও পলাতক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া, আশ্রয় দেওয়া এবং অর্থের বিনিময়ে দলে ভেড়ানোর অভিযোগ উঠছে বিএনপির কিছু নেতার বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের আশ্রয়দাতা, অর্থদাতা ও ব্যবসায়িক কর্মকাণ্ডে সহযোগিতাকারী বিএনপি নেতাদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে দলটি। অভিযোগ যাচাই করে পদ-পদবি কেড়ে নেওয়া থেকে শুরু করে প্রাথমিক সদস্যপদ বাতিল করা হবে। একই সঙ্গে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

বহিষ্কার ও শোকজের মুখে নেতারা

বিভিন্ন জেলা ও উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সহযোগিতার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নিষিদ্ধ যুবলীগ নেতা ও হত্যা মামলার প্রধান আসামি আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাতের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। এর আগে সোমবার একই ধরনের অভিযোগে সিলেটের কানাইঘাট উপজেলা বিএনপি নেতা আফসার হোসেনকেও বহিষ্কার করে জেলা বিএনপি।

আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনে সহযোগিতার অভিযোগে গতকাল শুক্রবার কুমিল্লার মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়াকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল। এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকের পর পল্টন থানা থেকে ছাড়িয়ে আনার অভিযোগে রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাওলাদারকে বহিষ্কার করা হয়।

গত ৯ নভেম্বর নাশকতার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে শেরপুরের ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ হোসেনকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি।

এদিকে, লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপি নেতার নির্বাচনি কার্যালয় উদ্বোধনের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের বটতলী এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার প্রার্থী মাসুদ পারভেজের নির্বাচনি কার্যালয় উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক বেপারী, স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাইনউদ্দিন হাজারী, যুবলীগের সামছুদ্দিন সরদার, আবদুল মালেক সর্দার ও আবদুল হক।

বিএনপির দপ্তর সূত্র জানায়, বগুড়ার বহিষ্কৃত নেতার মতো আরো কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আ.লীগকে প্রতিহতের ঘোষণা

আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে দলের ভেতরে ক্ষোভের পাশাপাশি প্রতিরোধের মনোভাবও তৈরি হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন আমার দেশকে বলেন, ওয়ান-ইলেভেনের সময় সংস্কারের নামে যারা বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে, তাদের যেমন তৃণমূলের নেতারা প্রতিহত করেছি, তেমনি এবারও যারা আমাদের বিএনপির লোক হয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আশ্রয় বা প্রশ্রয় দেবে, তাদের আমরা প্রতিহত করব।

বিএনপির এক শীর্ষ নেতা জানান, আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন, তাদের আর্থিক কর্মকাণ্ড সচল রাখা কিংবা তাদের স্বার্থরক্ষায় দলের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা প্রমাণ হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স আমার দেশকে বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো নেতাকর্মীর যদি আত্মীয়তার সম্পর্কও থাকে, তাহলে সেটা ভুলে যেতে হবে। কারণ, কোনো সন্ত্রাসীর সঙ্গে কারো আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে না। ফলে তাদের পুনর্বাসনেরও কোনো সুযোগ নেই। বিএনপির কেউ এটা করে থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টাকার বিনিময়ে আশ্রয়ের অভিযোগ

গত ১ নভেম্বর রাজধানীর শাহজাহানপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার বিষয়ে দলের ভেতরের একটি অংশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসা শুরু করেছেন। আপনারা দয়া করে চোখ-কান খোলা রাখবেন, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। টাকার বিনিময়ে আমাদের বিএনপির কিছু লোক তাদের আশ্রয় দিচ্ছেন। ইনশাল্লাহ, সবাইকে একযোগে প্রতিহত করা হবে।

তিনি আরো বলেন, আমরা শুনছি আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর আমাদের দলের ভেতরকার কিছু লোভী মানুষ টাকার লোভে তাদের আশ্রয় দিচ্ছেন। সাফ কথাÑবিএনপির যে শত্রু, সে আমারও শত্রু। দলের ভেতরের কেউ যদি এদের সহযোগিতা করেন তাহলে আমাদের জানাবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

মির্জা আব্বাসের ওই বক্তব্যের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া নিয়ে বিএনপির অভ্যন্তরীণ অবস্থান আরো স্পষ্ট হয়।

ক্ষোভে দল ছাড়ার ঘোষণা

আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন ও বিভিন্ন কমিটিতে তাদের অন্তর্ভুক্তির অভিযোগে বিএনপির তৃণমূলেও অসন্তোষ বাড়ছে। সম্প্রতি বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল। ফেসবুকে তার দল ছাড়ার ঘোষণা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মিরাজুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিএনপির যেসব নেতা আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, তাদের নাম প্রকাশ করার আহ্বান জানান। তার এই পোস্ট নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে বিএনপির ভেতরে অস্বস্তি আরো বেড়েছে। দলের নীতিনির্ধারকরা মনে করছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ বন্ধ করতে না পারলে তৃণমূল পর্যায়ে দলীয় শৃঙ্খলা এবং সরকারের রাজনৈতিক অবস্থানÑদুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে অভিযোগের তথ্য সংগ্রহ, নজরদারি এবং অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি আরো জোরদার করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...