উদীয়মান নতুন বিশ্বব্যবস্থা গঠনে মুসলিম দেশগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একই সঙ্গে ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক দিকনির্দেশক’ হিসেবে উল্লেখ করে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটি পুনর্গঠনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
শনিবার ইস্তাম্বুলে আল শার্ক ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হাকান ফিদান।
তিনি বলেন, বিশ্বের এক-চতুর্থাংশেরও বেশি মানুষের প্রতিনিধিত্বকারী মুসলিম দেশগুলোর সামনে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারের একটি বড় সুযোগ তৈরি হয়েছে। কয়েক দশক ধরে যেসব সিদ্ধান্ত মূলত অন্য অঞ্চল থেকে নেওয়া হয়েছে, এখন সেসব সিদ্ধান্তের ক্ষেত্রে মুসলিম দেশগুলোরও ভূমিকা রাখার সময় এসেছে।
ফিদান বলেন, ‘আজ আমরা যেসব সিদ্ধান্ত নেব, সেগুলোই মুসলিম বিশ্বের ভবিষ্যৎ গঠনে নির্ধারক ভূমিকা পালন করবে।’ বিশেষ করে প্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তিকেন্দ্রের উত্থানের বিষয়টি তুলে ধরেন তিনি।
ফিলিস্তিনকে নৈতিকতার মানদণ্ড বললেন ফিদান
গাজায় ইসরাইলি হামলা ও গণহত্যা এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারী দখলদারদের বিরুদ্ধে তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করেন ফিদান। তিনি বলেন, গাজায় গণহত্যা এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তুরস্ক অবস্থান নিয়েছে।
ফিলিস্তিন ইস্যুকে মুসলিম বিশ্বের নৈতিক অবস্থানের গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক দিকনির্দেশক। গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যাওয়া অঞ্চলটি পুনর্গঠনে মুসলিম দেশগুলোকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
ফিদানের মতে, ফিলিস্তিন সংকটের ন্যায়সংগত ও স্থায়ী সমাধান সম্ভব কেবল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে। এ ব্যবস্থায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী করার ওপর গুরুত্ব দেন তিনি।
তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটের প্রসঙ্গ
আঞ্চলিক নিরাপত্তা ও সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, যেসব দেশ কোনো সিদ্ধান্তের পরিণতি সরাসরি ভোগ করে, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের অগ্রণী ভূমিকা থাকা উচিত।
এ প্রসঙ্গে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা প্রতিরক্ষা জোটের কথা উল্লেখ করেন তিনি। শুক্রবার ইসলামাবাদে এই জোটের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়।
ফিদান বলেন, জোটের প্রতিটি দেশ নিজস্ব সক্ষমতা ও অভিজ্ঞতা নিয়ে এতে যুক্ত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে জোটটির প্রাতিষ্ঠানিক কাঠামো আরো শক্তিশালী হবে এবং এ অঞ্চলের অন্য দেশগুলোও এতে যোগ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ছাড়া আঞ্চলিক সংকট মোকাবিলায় তুরস্ক, মিসর, পাকিস্তান ও সৌদি আরবকে নিয়ে গঠিত ‘রিজিওনাল কোয়ার্টেট’-এর কথাও তুলে ধরেন তিনি। এই চার দেশের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিভিন্ন আঞ্চলিক সমস্যার অভিন্ন সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করেন।
নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার তাগিদ
মুসলিম দেশগুলোর সহযোগিতা শুধু প্রতিরক্ষা ও নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়েছেন ফিদান। তার মতে, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে যৌথ উদ্যোগ গ্রহণও সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার মূল লক্ষ্য হওয়া উচিত আন্তর্জাতিক ব্যবস্থার কার্যক্রম নির্ধারণে নিজেদের মতামত ও প্রভাব প্রতিষ্ঠা করা। ফিদান এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যেখানে সব দেশের যথাযথ প্রতিনিধিত্ব থাকবে এবং ন্যায়বিচার ও বৈধতার ভিত্তিতে বৈশ্বিক সিদ্ধান্ত নেওয়া হবে।
তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, পরিবর্তনশীল বিশ্বরাজনীতিতে মুসলিম দেশগুলোকে কেবল আন্তর্জাতিক সিদ্ধান্তের প্রভাব মোকাবিলা করলেই চলবে না; বরং নিজেদের সম্মিলিত শক্তি কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


