২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল আলোচিত ম্যাচটি পরিচালনা করেছিলেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। সেই ফাইনালের মাত্র এক সপ্তাহ পরই দীর্ঘ রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন ৪৬ বছর বয়সী এই ফিফা কর্মকর্তা। স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে তার অবসরের ঘোষণা দিয়েছে।
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে ভিনচিচের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ম্যাচে তিনি পাঁচটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখান, যার সবকটিই পেয়েছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজের লাল কার্ড এবং কয়েকটি ফাউলের সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন সমর্থক ও বিশ্লেষকদের একটি অংশ।
আর্জেন্টিনার জন্য ভিনচিচ যেন এক ‘অপয়া’ নামও বটে। গত দুটি বিশ্বকাপে আলবিসেলেস্তেদের মাত্র দুটি হার—২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে এবং ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে। কাকতালীয়ভাবে দুটি ম্যাচেই প্রধান রেফারির দায়িত্বে ছিলেন ভিনচিচ।
২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর ইউরোপীয় ও আন্তর্জাতিক ফুটবলের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ক্লাব ফুটবলেও গুরুত্বপূর্ণ অনেক ম্যাচ পরিচালনা করেছেন। ২০২২ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল এবং ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও ছিলেন প্রধান রেফারি।
২০২২ কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ পান ভিনচিচ। সেই আসরে তিনি সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ঐতিহাসিক হারসহ দুটি ম্যাচ পরিচালনা করেন। সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে ফাইনালসহ মোট চারটি ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি।
এই বিশ্বকাপে ভিনচিচ মোট ১২টি হলুদ কার্ড ও দুটি লাল কার্ড দেখিয়েছেন। তার দেওয়া প্রথম লাল কার্ডটিও ছিল বেশ আলোচিত। শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে প্রতিপক্ষের সঙ্গে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলার ঘটনায় ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকাপিকে সরাসরি লাল কার্ড দেখান তিনি, যা নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা হয়েছিল।
দীর্ঘ দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইউরোপের প্রায় সব বড় টুর্নামেন্টে দায়িত্ব পালন করা ভিনচিচের শেষ ম্যাচ হয়ে থাকল বিশ্বকাপের সেই ফাইনাল। বিতর্ক থাকলেও বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে বাঁশি বাজিয়েই রেফারিং জীবনের ইতি টানলেন স্লোভেনিয়ার এই অভিজ্ঞ ম্যাচ কর্মকর্তা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

