পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ইসরাত জাহান যূথী (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের দাবি, ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রীর নাম ইসরাত জাহান যূথী (১৬)। সে মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের জামাল হাওলাদারের মেয়ে ও সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম সরোয়ার।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে রওনা দিয়ে ইসরাত জাহান যূথী স্কুলে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। ওই দিনই পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। দুই দিন ধরে পুলিশ ও স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেন। কোথাও তার সন্ধান মিলেনি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি ডোবায় তার লাশ পাওয়া যায়।
নিহত স্কুলছাত্রীর বাবা জামাল হাওলাদার বলেন, ‘ইসরাত মঙ্গলবার স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। বিকেলে স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে না আসায় আমরা অনেক খোঁজাখুঁজি করি। আজকে সকালে বাড়ি থেকে একটু দূরে রাস্তার পাশে এক জোড়া জুতা পাওয়া যায়। জুতার সূত্র ধরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করি। এরপর আরেকটু দূরে গিয়ে দেখি ধানখেতের পাশে একটি ডোবায় আমার মেয়ের লাশ পড়ে রয়েছে। পরনের কাপড়-চোপড়ও এলোমেলো ছিল। বখাটেরা ধর্ষণ করে আমার মেয়েটিকে হত্যা করেছে। পরে বিষয়টি থানার পুলিশকে জানাই।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

