সুন্দরবনে নিখোঁজ পর্যটক উদ্ধারে যৌথ অভিযান

সুন্দরবনে নিখোঁজ পর্যটক উদ্ধারে যৌথ অভিযান
ছবি: আমার দেশ

সুন্দরবন ভ্রমণে গিয়ে ময়মনসিংহের ভালুকার রিয়াজ আহমেদ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ পর্যটককে উদ্ধারে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান শুরু করেছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে মিজানুর রহমান পরিচালিত ইকো ট্যুরিজম-২ নামের একটি পর্যটকবাহী বোট সুন্দরবন ভ্রমণে যায়। বিএলসি নম্বর ২৬২৭০৮০৬০০৪-এর ওই বোটে নরসিংদীর ৯ জন, ময়মনসিংহের ৯ জন এবং ঢাকা-গাজীপুরের একজনসহ মোট ১৯ জন পর্যটক ছিলেন।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুর ১টার দিকে শরণখোলা রেঞ্জের অন্তর্ভুক্ত দুবলার চরে পৌঁছানোর আগেই বোটেটি নতুন জেগে ওঠা একটি চরে আটকে যায়। এ সময় বোটের ক্রু ও অন্যরা ধাক্কা দিয়ে সেটি ছাড়ানোর চেষ্টা করেন।

একপর্যায়ে বোটে থাকা পর্যটকরাও নিচে নেমে বোটটি ছাড়ানোর কাজে অংশ নেন। দীর্ঘ চেষ্টার পরও বোটেটি ছাড়ানো সম্ভব না হলে সবাই আবার বোটে উঠে আসেন। পরে ট্যুর গাইড পর্যটকদের গণনা করতে গিয়ে একজনকে কম পান। এরপর বোটের প্রতিটি কেবিনে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।

ট্যুর গাইড মিজানুর রহমান বলেন, বোটের প্রতিটি কেবিনে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। এরপর বন বিভাগ ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়।

পরে নিখোঁজের খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম বলেন, একজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে তাঁর নাম-ঠিকানা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাঁকে উদ্ধারে বন বিভাগ ও কোস্টগার্ড কাজ করছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন