মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের উপর শ্রমিকদল নেতার হামলা, আটক ৪

বরিশাল অফিস

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের উপর শ্রমিকদল নেতার হামলা, আটক ৪

বরিশালের উজিরপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে বরিশাল জেলা ডিবি পুলিশের সদস্যরা হামলার শিকার হয়েছেন। এ সময় এক ডিবি কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে উজিরপুর উপজেলার পৌরসভার খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা ডিবির সাত সদস্যের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উজিরপুর পৌর শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ মোল্লার নেতৃত্বে তার সহযোগীরা পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ ওঠে।

এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে অভিযুক্তরা পুলিশের কাছ থেকে মাদকদ্রব্য ছিনিয়ে নিয়ে পাশের পুকুরে ফেলে দেয় বলে জানা যায়।

পরে ডিবি কনস্টেবল মৃনাল চন্দ্র পুকুর থেকে মাদক উদ্ধারের চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত কনস্টেবলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, “ডিবি পুলিশের ওপর হামলার ঘটনা সত্য। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন