কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি চট্টগ্রামে। সকাল থেকে নগরীর রাজপথে দলটির নেতাকর্মীদের কোনো তৎপরতা চোখে পড়েনি। অন্যদিকে, সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজপথে অবস্থান নিয়েছেন বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
নগরীর কাজীর দেউড়ি, ওয়াসা, লালখান বাজার, টাইগারপাস ও দেওয়ানহাট এলাকায় অন্যান্য দিনের মতো যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগামী মানুষের চলাচলেও কোনো ধরনের বিঘ্ন দেখা যায়নি।
সকাল ৮টার দিকে নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে মধ্যরাতে হালিশহরে এনসিপি এবং চকবাজার এলাকায় ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা যে তাণ্ডব চালিয়েছে, তার প্রতিবাদে আমরা রাজপথে ঐক্যবদ্ধ আছি। যেকোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।’
এদিকে, আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে দলটির নেতাকর্মীদের প্রকাশ্য কোনো তৎপরতা দেখা যায়নি। তবে গতকাল রাতে নগরীর নন্দনকানন, পাঁচলাইশসহ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


