শ্রীমঙ্গলে প্রধান তথ্য কর্মকর্তা

সাংবাদিকদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সাংবাদিকদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার

সাংবাদিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির আওতায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সিলেট আঞ্চলিক তথ্য অফিস এই সেমিনারের আয়োজন করে।

সৈয়দ আবদাল আহমদ জানান, সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে। একই সাথে ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বিশেষ সেল গঠনসহ একটি স্বাধীন ও জবাবদিহিমূলক কাঠামো তৈরির কাজ চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রকৃত সাংবাদিকদের মর্যাদা রক্ষা ও ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করা সহজ হবে বলে উল্লেখ করেন তিনি। বর্তমান সরকার সাংবাদিকবান্ধব দাবি করে তিনি বলেন, সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সরকার আন্তরিক।

সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাসিনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৫ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। সেমিনার সঞ্চালনা করেন সিলেট তথ্য অফিসের তথ্য সহকারী মো. মাহমুদুল ইসলাম। এতে আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন ও মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা উজ্জল সিং উপস্থিত ছিলেন।

সেমিনারে অংশগ্রহণকারী সাংবাদিকরা কর্মক্ষেত্রে হয়রানিমূলক মামলা, হুমকি ও পেশাগত নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণে অনিয়ম এবং মফস্বল সাংবাদিকদের সম্মানী না পাওয়ার অভিযোগ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সাংবাদিকদের এই অভিযোগের প্রেক্ষিতে কল্যাণ ট্রাস্টের সহায়তা বিতরণে অনিয়মের কথাটি একটি ‘ভুল’ হিসেবে স্বীকার করেন সৈয়দ আবদাল আহমদ। এ বিষয়ে জেলা তথ্য কর্মকর্তাকে আরও সচেতন হওয়ার নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ট্রাস্টের নির্ধারিত সেলে অভিযোগ জানিয়ে প্রতিকার চাওয়ার আহ্বান জানান।

সেমিনারে সভাপতির বক্তব্যে হাসিনা আক্তার বলেন, "ভুয়া ও ফেসবুককেন্দ্রিক সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। এছাড়া মিথ্যা তথ্য ও বানোয়াট ফটোকার্ডের মাধ্যমে গুজব ছড়ানো বন্ধে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছে।"

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমদ, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আবুজার বাবলা, দৈনিক আমার দেশের প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া জুয়েল, সাংবাদিক কাওছার ইকবাল, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান এবং আমজাদ হোসেন বাচ্চুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...