মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পরিচালনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য ড. এএইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, বন্দরের নিয়ন্ত্রণ এমনভাবে রাখতে হবে, যাতে ভবিষ্যতে পরিচালনাকারী প্রতিষ্ঠান আরেকটি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে পরিণত না হয়।
শনিবার জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি) আয়োজিত ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: উন্নয়নের সম্ভাবনা ও কৌশলগত নিরাপত্তার চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, সমুদ্রবন্দর একটি দেশের অর্থনীতির জন্য আশীর্বাদ হলেও জাতীয় নিরাপত্তা ও ভূরাজনীতির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জও তৈরি করতে পারে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে বঙ্গোপসাগর ও মাতারবাড়ী বন্দরকে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের স্বার্থ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্ব দিতে হবে। বাস্তুচ্যুত অনেক মানুষ এখনো ক্ষতিপূরণের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরছেন।
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ও সমুদ্রবিষয়ক গবেষক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে অন্য দেশের পণ্য পরিবহন হলে তার নিয়ন্ত্রণও বাংলাদেশের হাতে থাকতে হবে। শুধু গভীর সমুদ্রবন্দর নির্মাণ করলেই অর্থনৈতিক সুফল পাওয়া যাবে না। এ জন্য অভ্যন্তরীণ যোগাযোগ অবকাঠামো ও আন্তসংযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি।
সাবেক সিনিয়র সচিব শফিউল্লাহ বলেন, বাংলাদেশের নীতি কোনো দেশের বিরুদ্ধে হওয়া উচিত নয়। বরং অর্থনৈতিক উন্নয়ন ও কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করাই হতে হবে মূল লক্ষ্য। আঞ্চলিক ও ভূরাজনৈতিক স্বার্থ বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে হবে।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মিজানুর রহমান। তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, পরিবহন ব্যয় ও সময় কমানো এবং আঞ্চলিক ট্রান্সশিপমেন্টের কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা তৈরি করবে। বন্দরের চ্যানেলের পরিকল্পিত গভীরতা ১৮ দশমিক ৫ মিটার। প্রায় ১৬ মিটার ড্রাফটের বড় জাহাজ চলাচলের উপযোগী করে এটি গড়ে তোলার লক্ষ্য রয়েছে। তবে পর্যাপ্ত পণ্য পরিবহন, আধুনিক ব্যবস্থাপনা, যোগাযোগ অবকাঠামো ও বন্দরকেন্দ্রিক শিল্পায়ন নিশ্চিত না হলে বিনিয়োগের প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে।
গোলটেবিল আলোচনা থেকে চারটি সুপারিশ তুলে ধরা হয়। এগুলো হলো—বন্দরের পরিচালনা, নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে বাংলাদেশের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করা; প্রকল্পের ব্যয়, ঋণ ও বাণিজ্যিক সম্ভাবনার স্বচ্ছ মূল্যায়ন এবং প্রাতিষ্ঠানিক নজরদারি জোরদার করা; ভারত, নেপাল ও ভুটানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ন্যায্য মাশুল ও সমতাভিত্তিক ট্রানজিট চুক্তি করা; এবং আধুনিক প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা, যোগাযোগ অবকাঠামো ও বন্দরভিত্তিক শিল্পায়নের পাশাপাশি পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষা নিশ্চিত করা।
সিআইপিজির চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




