চট্টগ্রাম বন্দরে রুশ তেলবাহী জাহাজ মালিকানার দাবিতে মামলা

চট্টগ্রাম বন্দরে রুশ তেলবাহী জাহাজ মালিকানার দাবিতে মামলা

মালিকানা বিরোধের জেরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আদালতের আদেশে জব্দ করা হয়েছে রাশিয়ার তেলবাহী ট্যাংকার এমটি বেল্লা-১। যুক্তরাষ্ট্রের জব্দের পর নিলামে বিক্রি করা জাহাজটির মালিকানা দাবি করে বাংলাদেশের হাইকোর্টে মামলা করেছে রাশিয়ার প্রতিষ্ঠান বুরেভেস্টমারিন এলএলসি।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বন্দর জলসীমায় জাহাজটি গত ৪ নভেম্বর প্রবেশ করে। পরদিন আদালতের একটি আদেশে আমরা জাহাজটি জব্দ করি। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আদালতের আদেশের ওপর নির্ভর করছে।

বিজ্ঞাপন

মার্কিন আদালতের নিলামে জাহাজটি কিনে বাংলাদেশের পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রির কাছে বিক্রি করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গ্লোবাল মার্কেটিং সিস্টেমস (জিএমএস)। এতে মালিকানা বিরোধে ত্রিপক্ষীয় জটিলতায় পড়ে জাহাজটি।

রুশ প্রতিষ্ঠানটির করা অ্যাডমিরালটি মামলার পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর জাহাজটি জব্দের পরোয়ানা জারি করে হাইকোর্ট। মামলায় জাহাজটির মালিকানা ঘোষণা ও দখল ফিরে পাওয়ার পাশাপাশি ১ কোটি ৭ লাখ ৩১ হাজার ৯১৮ ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

আদালতের নির্দেশে জাহাজটি যাতে বাংলাদেশের জলসীমা ছেড়ে যেতে না পারে, সে জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। জাহাজটিতে আনসার ও নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক যোগাযোগ পর্যবেক্ষণও করা হচ্ছে।

জানা গেছে, ২০০২ সালে নির্মিত ট্যাংকারটির নাম আগে ছিল বেল্লা-১। ভেনেজুয়েলা, ইরান ও রাশিয়ার নিষিদ্ধ তেল পরিবহনের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসে এটি। চলতি বছরের ৭ জানুয়ারি যুক্তরাজ্যের সহায়তায় আইসল্যান্ডের দক্ষিণে জাহাজটি জব্দ করে মার্কিন বাহিনী। পরে মার্কিন ফেডারেল আদালতের নিলামে জিএমএস এটি কিনে পিএইচপির কাছে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে।

আমদানিসংক্রান্ত তথ্য নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় জাহাজটি ও সংশ্লিষ্ট শিপিং এজেন্টদের বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এতে আদালতের মালিকানা বিরোধের নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত জাহাজটি স্ক্র্যাপ করার কার্যক্রম বন্ধ থাকছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন