কক্সবাজারের চকরিয়ায় অপহরণের শিকার এক তরুণীকে উদ্ধার করতে গিয়ে পুলিশের মারধরে দুই তরুণ-তরুণী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত তরুণ নুরুল আমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। তরুণ-তরুণীকে মারধরের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্রই তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় শনিবার রাতেই অভিযুক্ত এসআই আরকানুল ইসলামকে চকরিয়া থানা থেকে প্রত্যাহার করে কক্সবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কক্সবাজারের চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
চকরিয়া থানার পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার বাসিন্দা এক তরুণী গত ২৮ মে ঈদুল আজহার দিন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় নিখোঁজ তরুণীর বাবা মেয়েকে অপহরণের অভিযোগ এনে ৩০ মে চকরিয়া থানায় একটি অভিযোগ করেন। এতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা নুরুল আমিন নামের এক তরুণকে আসামি করা হয়।
এ অভিযোগ পেয়ে চকরিয়া থানার এসআই আরকানুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ফাঁসিয়াখালী এলাকায় অভিযুক্ত তরুণ নুরুল আমিনকে গ্রেপ্তার ও অপহরণের শিকার তরুণীকে উদ্ধারে অভিযান চালায়। সেখানে তরুণ নুরুল আমিন ও তরুণী দুজনকেই পুলিশের মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও অপর একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালায়।
বিষয়টি জানতে পেরে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের মারধরে গুরুতর আহত নুরুল আমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনেরা।
চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, ঈদগাঁও উপজেলা থেকে অপহৃত একজন তরুণীকে উদ্ধার করতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আাসামি গ্রেপ্তারে অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মারধরের অভিযোগে এসআই আরকানুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশের অভিযানে উদ্ধার হওয়া তরুণী বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। তরুণীকে অপহরণের অভিযোগে নুরুল আমিনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

