আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুইপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে প্রাণ গেলো যুবকের

স্টাফ রিপোর্টার, পাবনা

দুইপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে প্রাণ গেলো যুবকের

জমিজমা নিয়ে বিরোধের জেরে পাবনায় আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবু বকর মণ্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আব্দুল আজিজ মণ্ডল নামে আরও একজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

‎নিহত আবু বকর চকপাড়া গ্রামের লবু মণ্ডলের ছেলে। তিনি ইটভাটার শ্রমিক ছিলেন। আহত আব্দুল আজিজ একই এলাকা কবির মণ্ডলের ওরফে কবু মণ্ডলের ছেলে। তিনিও ইটভাটার শ্রমিকের কাজ করেন।

‎‎চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, নিহত আবু বকর মণ্ডল ও আহত আজিজ মণ্ডলের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাদের দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে টেঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় আপন চাচাতো ভাই আবু বকর টেঁটাবিদ্ধ হন। আর আব্দুল আজিজ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এ সময় আবু বকর ও আব্দুল আজিজকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করা হয়। আব্দুল আজিজের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে টেঁটা নিয়ে সংঘর্ষ হয়। একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে। পুলিশ কাজ করছে। কেউ অভিযোগ দেয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন