পরিবারের একমাত্র পুত্রসন্তান ও উপার্জনক্ষম সদস্য সিএনজিচালিত অটোরিকশার চালক মো. ইমরান জুবায়েরকে (২৭) সড়ক দুর্ঘটনায় চিরতরে হারিয়ে স্বজনদের বুকফাটা বিলাপে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। কোনো সান্ত্বনাই তাদের প্রবোধ দিতে পারছে না।
ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন ইমরান। তিনি এক সন্তানের জনক। অকালে স্বামীকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন তার স্ত্রী। একমাত্র পুত্রসন্তান হারিয়ে বাবা নুরুল বশর ও তার মা পাগলের মতো বিলাপ করছেন। বোনদের আহাজারিতে এলাকাবাসীও চোখের পানি ধরে রাখতে পারছেন না।
মঙ্গলবার রাতেই ইমরানের লাশ আনতে বাবা ও স্বজনেরা কক্সবাজার সদর হাসপাতালে পৌঁছান। এ সময় বাবার বুকফাটা আহাজারিতে হাসপাতাল এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
বুক চাপড়ে তিনি বলছিলেন, একমাত্র সন্তানকে হারিয়ে তিনি কীভাবে বাঁচবেন। গভীর রাতে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে স্বজনেরা পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুলিস্তান বাজার বামহাতিরছড়া এলাকায় নিজ বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ গুমোট হয়ে ওঠে।
নিহতের বাবা নুরুল বশর আহাজারি করে বলেন, দুর্ঘটনার আধা ঘণ্টা আগেও ছেলের সঙ্গে তার মুঠোফোনে কথা হয়েছিল। ছেলে ঈদগাহে থাকার কথা জানালে তিনি তাকে দেখেশুনে গাড়ি চালাতে বলেছিলেন। এর কিছুক্ষণ পরই তিনি শুনতে পান, দুর্ঘটনায় তার একমাত্র সন্তানের মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, তার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। একমাত্র ছেলে আর নেই—এ কথা তিনি কীভাবে মনকে বোঝাবেন!
প্রতিবেশী মাস্টার করিম উল্লাহ জানান, বুধবার বেলা ১১টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে ইমরানের লাশ দাফন করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁহ থানার সামনে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক ইমরানসহ পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে চারজনের লাশ শনাক্ত করা গেছে।
তারা হলেন—চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গর্জনতলী গ্রামের আজিজুর রহমানের ছেলে মো. রহমান (২৭), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড অফিস পাড়ার ইদ্রিসের ছেলে জসিম উদ্দিন (৫৫), পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরা খোলা গ্রামের মুহাম্মদ ছাবেরের ছেলে মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম (২৮) এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গুলিস্তান বাজার বাম হাতির ছড়ার নুরুল বশর ড্রাইভারের ছেলে সিএনজিচালক মোহাম্মদ ইমরান জুবায়ের (২৬), খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়ার বাসিন্দা প্রবাসী নুরুল হুদার স্ত্রী নাজমা (৪৫)। এছাড়া গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খুটাখালী ইউনিয়নের উত্তরপাড়ার দুলা মিয়ার মেয়ে ফারিয়া নাছির মুমু (৩২)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

