বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫) ও উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টি (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিসরুল হামিদ ফুতু উপজেলার সান্তাহার হলুদঘর এলাকার মেহের আলী মাস্টারের ছেলে এবং শাহিনুর রহমান মুন্টি একই এলাকার মৃত জলিলুর রহমানের ছেলে। শুক্রবার সন্ধ্যায় নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পেছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী একত্রিত হন। বিভিন্ন এলাকায় নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, মহাসড়কে চলাচলরত যানবাহন ভাঙচুর, মহাসড়কের ক্ষতিসাধন এবং সরকারি স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে তাঁরা সেখানে জড়ো হয়েছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে ১৫ ফুটের একটি ব্যানারসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
আদমদীঘি থানার ওসি জামিরুল ইসলাম দুই নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

