খুলনার সোনাডাঙ্গায় ইয়াবার বড় চালান ও ভুয়া এনআইডিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক। ওই রোহিঙ্গা নাগরিক ভুয়া এনআইডি কার্ড ব্যবহার করে যশোরে বসবাস করতেন বলে জানা গেছে।
শুক্রবার বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান এডিশনাল পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. কুতুব উদ্দিন। এর আগে সকালে সোনাডাঙ্গার কফি হাউজের সামনে কক্সবাজার থেকে খুলনা হয়ে যশোর অভিমুখী বলেশ্বর নামক বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
কেএমপির এডিশনাল পুলিশ কমিশনার জানান, আটককৃত রোহিঙ্গার নাম তৌহিদুল করিম অপরজন ইমরান খান। তাদের কাছ থেকে ৯ হাজার পিস ইয়াবাসহ ৪টি এক হাজার টাকার জাল নোট, ২টি মোবাইল ফোন ও ভুয়া এনআইডি কার্ড উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ওই ভুয়া এনআইডি কার্ড অনুযায়ী (রোহিঙ্গা) তৌহিদুলের বর্তমান নাম সাকিবুল হাসান। পিতা মোজার মিয়া, মাতা মরিয়ম খাতুন। বাড়ি বান্দরবান জেলার লামার আজিজনগর, ফাইতং মৌজার আংড়াতলী গ্রামে জন্মস্থান উল্লেখ রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

