কাল ঈদ। চারদিকে আনন্দের জোয়ার, নতুন পোশাক, সুস্বাদু খাবারের আয়োজন। কিন্তু এই উৎসবের উষ্ণতা ছুঁয়ে যায় না কিছু শহীদ পরিবারের হৃদয়। যাদের প্রিয়জনেরা রক্ত দিয়ে ইতিহাস লিখেছেন, দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের ঘর আজ নিঃসঙ্গ, শূন্যতা আর কান্নায় পূর্ণ। ঈদ তাদের জন্য আর আনন্দের বার্তা নয়, বরং এক বেদনাময় অধ্যায়। এরকম এক পরিবারের সাথে কথা হয় আমার দেশের। তিনি হলেন জুলাই বিপ্লবে শহীদ হওয়া আয়াতুল্লাহ’র পরিবার।
শহীদ আয়াতুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার জলুসা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তার বড় ভাই সোহাগ আমার দেশকে জানান, ভাই গার্মেন্টসে কাজ করতেন। আমিও তার সাথে ছিলাম। ভাইয়ের উপার্জনের টাকায় আমাদের সংসার চলত। কিন্তু গত জুলাইয়ের আন্দোলনে তিনি শহীদ হয়েছেন। সেই থেকে আমাদের ঘরে আর আনন্দ নেই। বাবা-মায়ের মুখে হাসি নেই। ঈদ এলেই ভাই সবার জন্য কাপড় নিয়ে আসতেন। এবার ভাই নেই, তাই আমাদের ঈদও নেই।
শহীদ আয়াতুল্লাহর মা শোভা আক্তার কাঁদতে কাঁদতে বলেন, ঈদ যত ঘনিয়ে আসে, ছেলের কথা তত বেশি মনে পড়ে। রাতে ঘুমাতে পারি না। শুধু তার হাসি, তার ছুটে আসা মনে পড়ে। কীভাবে কাটবে এই দিন? ঈদের দিনগুলো শুধুই বেদনার স্মৃতি হয়ে গেছে। আমার ছেলের সঙ্গে আনন্দটাও মরে গেছে।
বাবা সিরাজুল ইসলামের চোখে শোকের ছায়া। তিনি বলেন, আমি ছেলেহারা, আমার মন বিষাদে ভরা। ঈদ আমার জন্য আর কোনো আনন্দ বয়ে আনে না। ঘরে কোনো আয়োজন নেই, নেই কোনো হাসিখুশির পরিবেশ। ঈদের দিন শুধু শহীদ ছেলের জন্য দোয়া করব, তার কবর জিয়ারত করব। ঈদ মানে আজ শুধু একটা কবরের সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলা।
আয়াতুল্লাহ ছিলেন এক সংগ্রামী তরুণ। তিনি ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টসে কাজ করতেন, বড় ভাই সোহাগও তার সঙ্গী ছিলেন। দেশপ্রেম তাদের রক্তে প্রবাহিত ছিল। ইসলামী ভাবধারায় চলতেন দুই ভাই। ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন তারা। মিছিলের সম্মুখভাগে থেকে রাজপথ কাঁপিয়ে তুলেছিলেন। মিছিল নিয়ে আনসার একাডেমির সামনে এলে ক্ষমতার নিষ্ঠুরতা তাদের নির্মম পরিণতির দিকে ঠেলে দেয়। আনসার সদস্যরা গুলি চালায় নির্মমভাবে। রক্তাক্ত হয় রাজপথ, শহীদ হয় অনেক তরুণ প্রাণ।
সোহাগ তখন ছোট ভাই আয়াতুল্লাহকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন। কিন্তু তিনি হারিয়ে ফেলেন তাকে। পরে ১৬ আগস্ট, সোহরাওয়ার্দী হাসপাতালে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় শহীদ আয়াতুল্লাহর নিথর দেহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

