পর্যটকদের আগমনে মুখর হয়ে উঠেছে রাঙ্গামাটির কাপ্তাইয়ের বিভিন্ন বিনোদন স্পট। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড় দেখা গেছে ।
নদীর কোল ঘেঁষে অবস্থিত কাপ্তাই ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁয় রয়েছে দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা। শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে গিয়ে দেখা যায়, অসংখ্য পর্যটক এসেছেন। কেউ লেক, কর্ণফুলী নদীতে নৌকাভ্রমণ করছেন। শিশুরা শিশুপার্কে আনন্দ উপভোগ করছে।
কুমিল্লার নুরুল আলম ও মিজানুর রহমান বলেন, ‘আমরা বন্ধুদের নিয়ে প্রথমবারের মতো কাপ্তাইয়ে বেড়াতে এসেছি। জায়গাটি খুবই সুন্দর, আমরা কাপ্তাইয়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। যদি কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে একটি ক্যাবেল কার বসানো হতো, তাহলে আরো বেশি ভালো লাগত।’
শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসের ম্যানেজার জাকির হোসেন বলেন, ‘এই ঈদে টানা ছুটিতে আমাদের বিনোদন কেন্দ্রে প্রচুর পর্যটক এসেছে। আমাদের সব কটেজ বুকিং আছে।’
এদিকে কাপ্তাই নৌবাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটি পরিচালিত লেক প্যারাডাইস ও সেনাবাহিনী পরিচালিত জীবতলী লেকশোর, লেকভিউ, রিভারভিউ, কাপ্তাই লেকের মাঝে অবস্থিত রাইংখ্যং আইল্যান্ড, শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পট, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট, বনশ্রী পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায়, অসংখ্য পর্যটক ঈদের ছুটি উপভোগ করতে এসেছেন পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে ।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, পর্যটন শহর কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত দায়িত্ব পালন করছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

