টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে বাহারুল ইসলাম ওরফে কানা বাহার এবং কাঠুরি গ্রামের ইমনের ছেলে মাছুম মিয়া। পুলিশ জানিয়েছে, বাহারুল ইসলাম স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে মামলায় উল্লেখ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নাগরপুর থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, “বাহারুল ইসলাম ওরফে কানা বাহার এবং মাছুম মিয়া দুজনই মামলার এজাহারভুক্ত আসামি। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের পাঠানো হয়েছে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

