আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সালাহউদ্দিন আহমদ

সব ধর্মের মানুষের স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি

উপজেলা প্রতিনিধি, (চকরিয়া) কক্সবাজার

সব ধর্মের মানুষের স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি
ছবি: আমার দেশ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি।

এদেশে ধর্ম বর্ণের যে কোনো বৈষম্য নেই, সেটাই আমরা প্রতিষ্ঠিত করব। অতীতে যেমন বিএনপি এ দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিল, ভবিষ্যেতেও তাই করবে। আমাদের পরিচয় হবে একটাই, আর তা হলো আমরা সকলেই বাংলাদেশি।

বিজ্ঞাপন

বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার ও ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেওয়া হবে না। মুক্তিযোদ্ধরা যে স্বপ্ন দেখেছিলেন, বারবার তাদের সে স্বপ্ন হোঁচট খেয়েছে। গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। এখন আমরা আর সেদিকে যেতে চাই না।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, আমাদের গণঅভ্যুত্থানের শহিদেরা, আমাদের সন্তানেরা এবং মুক্তিযোদ্ধারা বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখেছিল, সবাই ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্নের বাংলাদেশ বির্নিমাণে কাজ করতে হবে।

শনিবার সন্ধ্যায় চকরিয়া পৌরসভার ভরামুহুরীএলাকায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের প্রতি ইঙ্গিত করে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, সাইনবোর্ড দেখানোর জন্য একজন মুক্তিযোদ্ধাকে দলে ভিড়িয়ে জাতির সঙ্গে প্রতারণা করতে পারবেন না। কারণ, এদেশের মানুষ জানে ওই সময় আপনারা এদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিলেন।

বিএনপি মুক্তিযোদ্ধাদের দল উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের দলেই সবচেয়ে বেশি সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধা রয়েছে। বিএনপিই স্বাধীনতার পক্ষের দল। এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের গণতন্ত্রকে আরো বেগবান করতে আগামী ১২ ফ্রেবুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনরসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালবম্বীদের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন