বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে অবস্থান নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ কর্মসূচি চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকে। ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এই অবরোধের দৃশ্য দেখতে পাওয়া যায়।

শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে ‘Danib Bin Iqbal’-এর ফেসবুক আইডিসহ বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক নেতাকর্মী বৈঠা হাতে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের এই অবস্থানের কারণে টোলপ্লাজার সব ধরনের কার্যক্রম প্রায় এক ঘণ্টা সম্পূর্ণ বন্ধ রাখা হয়।

অবস্থান কর্মসূচির একপর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়, যার ফলে পুরো এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ছড়িয়ে পড়া ভিডিওতে আন্দোলনকারীদের মুখে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামেও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে বিস্তারিত বক্তব্য জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. আব্দুস সালাম এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন