সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকারের একটি সভার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর সভাটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা নিয়ে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে। বর্তমানে পলাতক থাকা এবং সিলেটে একাধিক মামলার আসামি রঞ্জিত সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে এমন সভার ভিডিও প্রকাশ্যে আসায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটি রঞ্জিত সরকারের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, রাতের বেলা সামিয়ানা টাঙিয়ে একটি সভার আয়োজন করা হয়েছে, যেখানে দুজন ব্যক্তি ব্যানার ধরে আছেন এবং মঞ্চে তিনি একাই বক্তব্য দিচ্ছেন।
জানা গেছে, সভার পেছনের ব্যানারে আয়োজক হিসেবে ‘সুনামগঞ্জ-১ আসন’ লেখা ছিল। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শেখ হাসিনা যে সীমান্ত এলাকা দিয়েই দেশে আসবেন, সেই এলাকায় সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানান।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে গুঞ্জন ওঠে যে, সুনামগঞ্জের ওপারে ভারতের সীমান্ত ঘেঁষা কোনো স্থানে তিনি এসে এই গোপন সভা করেছেন। তবে আওয়ামী লীগের কোনো স্থানীয় নেতা কিংবা হাওর এলাকার কেউ এখনো নিশ্চিত করে বলতে পারছেন না যে সভাটি আসলে কোথায় হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন জানান, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় এ ধরনের কোনো সভা হওয়ার সুনির্দিষ্ট তথ্য নেই। এটি সিলেট সীমান্ত এলাকার কোথাও হতে পারে।
তবে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন। তার দাবি, সভাটি সিলেটের সীমান্তে হয়নি বরং সুনামগঞ্জ সীমান্ত এলাকার কোনো একটি স্থানেই সভাটি হয়েছে এবং সভায় উপস্থিত ব্যক্তিরাও সুনামগঞ্জের বাসিন্দা।
অন্যদিকে, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানিয়েছেন, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া হয়েছে। সীমান্তে এ ধরনের কোনো গোপন সভা হওয়ার কোনো তথ্য বা সত্যতা পাওয়া যায়নি।
এদিকে, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, পলাতক সাবেক এমপি রঞ্জিত সরকার তাহিরপুর সীমান্ত এলাকায় গোপন সভা করেছেন বলে ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, তারা পুরো এলাকায় খোঁজ নিয়ে জেনেছেন, কোথাও এ ধরনের কোনো সভা অনুষ্ঠিত হয়নি।
একই ভিডিও নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক মহলের মাঝে চার পক্ষের চার রকম বক্তব্য পাওয়া গেছে। সুনামগঞ্জ পুলিশ বলছে সভা সিলেটে হয়েছে, সিলেট পুলিশ বলছে সভা সুনামগঞ্জে হয়েছে, অন্যদিকে বিজিবি ও স্থানীয় বিএনপি বলছে সুনামগঞ্জ সীমান্তে কোনো সভাই হয়নি।
পলাতক অবস্থায় এবং একাধিক মামলার আসামি হয়েও সাবেক এমপি রঞ্জিত সরকার কীভাবে এমন সভা করলেন এবং সভার প্রকৃত স্থান কোথায়—আইনশৃঙ্খলা বাহিনীর এমন পরস্পরবিরোধী বক্তব্যে সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

