ফেনীতে একটি ছয়তলা ভবনের ছাদ পড়ে বেসরকারি কোম্পানির এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারের ডাক্তার ডানহাম গলির রেনু কলোনির ‘মায়ের দোয়া শান্তি মহল’ নামক ভবনে এ ঘটনা ঘটে।
মৃত আহমেদুর রহমান আকাশ (৩০) চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজমনগর গ্রামের আনোয়ারুল ইসলাম বাহারের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে ফেনীতে কর্মরত ছিলেন এবং ওই ভবনের ছয়তলার একটি ভাড়া বাসায় একাই বসবাস করতেন। তার স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা চট্টগ্রামে নিজেদের বাসায় থাকেন।
স্বজনরা জানান, সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের বাসা থেকে ফেনীর উদ্দেশ্যে বের হন আকাশ। তবে বিকেল থেকে পরিবারের সদস্যরা মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কোনো সংযোগ স্থাপন করতে পারেননি। একপর্যায়ে রাত ১০টার দিকে ভবনটির ছাদ থেকে পড়ে তার মৃত্যুর খবর পান তারা।
নিহতের খালু বাহা উদ্দিন মোরশেদ জানান, পারিবারিকভাবে আকাশ বেশ সুখেই ছিলেন। মাত্র দুদিন আগেই তার একটি পুত্রসন্তান জন্ম নিয়েছে। হঠাৎ কীভাবে তিনি ছাদ থেকে পড়ে মারা গেলেন, তা তাদের কাছে সম্পূর্ণ রহস্যজনক মনে হচ্ছে। তিনি পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিক সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আকাশ একাই বাসার দরজায় তালা দিয়ে ছাদের দিকে উঠেছিলেন। তবে কী কারণে তিনি ছাদ থেকে নিচে পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

