সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা এলাকায় সোমবার পাইপলাইনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সীমিত পরিসরে আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় কেউ আহত বা নিহত হননি। পাইপলাইনের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।
এদিকে সৌদি আরব ও দেশটির সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর জোটের সঙ্গে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘাত আরো তীব্র হচ্ছে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ এই তেল পাইপলাইনে নতুন করে হামলার ঘটনা ঘটল।
হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের জন্য পাইপলাইনটি সৌদি আরবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো কঠোরভাবে সীমিত রয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সংকট আরো গভীর হচ্ছে। এই যুদ্ধ শুরুর পর থেকে পাইপলাইনটি কয়েক দফা হামলার শিকার হয়েছে।
ইয়েমেনের হুথিরাও অতীতে সৌদি আরবের তেল অবকাঠামো লক্ষ্য করে বারবার হামলা চালিয়েছে। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তেল শোধনাগার ও তেল সংরক্ষণাগারও রয়েছে।
প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ (৭৪৫ মাইল) ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত। গত সেপ্টেম্বরে ড্রোন হামলার পর কয়েক দিনের জন্য এটি বন্ধ রাখতে হয়েছিল। সৌদি আরবের দাবি, ওই ড্রোনগুলো ইরাক থেকে ছোড়া হয়েছিল।
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে বিঘ্ন ঘটার পর সৌদি আরব এই পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনের পরিমাণ বাড়িয়েছে। দেশটির রাজধানী রিয়াদ প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পাইপলাইন দিয়ে লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। এই পরিমাণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


-db219d.jpg)