দুর্গাপুরে লোডশেডিংয়ে জনদুর্ভোগ চরমে

দুর্গাপুরে লোডশেডিংয়ে জনদুর্ভোগ চরমে
ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে তীব্র গরমের মধ্যে বিদ্যুতের লোডশেডিংয়ে পৌর সদর ও উপজেলাজুড়ে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দিনের পাশাপাশি রাতের বেলায়ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে ব্যবসা পরিচালনায় বিঘ্ন ঘটছে। বিশেষ করে ফ্রিজ ও কোল্ড স্টোরেজনির্ভর ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একই সঙ্গে অনেক পরিবারের ফ্রিজে রাখা মাছ, মাংসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।

‎উপজেলার আমগাছি বাজার এলাকার বাসিন্দা শামীম জানান, প্রতিদিন একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। অনেক সময় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে। রাতের বেলায় বিদ্যুৎ নাথাকার কারণে অনেক পরিবারকে ঘুমহীন রাত কাটাতে হচ্ছে।

বিজ্ঞাপন

পৌর সদরের এইচএসসি পরীক্ষার্থী সুমনা বলেন, চলমান গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এতে আমাদের মতো শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।

‎দুর্গাপুরের সচেতন মহল বলছেন, বিদ্যুৎ একটি মৌলিক সেবা। তাই ঘন ঘন লোডশেডিং ও দীর্ঘ সময়ের বিদ্যুৎ-বিভ্রাটের অবসান ঘটিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন কর্তৃপক্ষের।

‎এ বিষয়ে দুর্গাপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহাবুবুর রহমান বলেন, উপজেলায় বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ১৬ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৬ মেগাওয়াট। ফলে চাহিদা ও সরবরাহের ব্যাপক ব্যবধানের কারণে লোডশেডিং অনিবার্য হয়ে পড়েছে। সারা বাংলাদেশের চিত্র একই রকম বিরাজ করছে।

‎এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন