চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৪

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৪

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছেন। শুক্রবার ভোররাতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মিরসরাই অংশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হন। একইদিন সকালে কর্ণফুলী উপজেলায় গাড়ির ধাক্কায় প্রাণ হারান এক মোটরসাইকেল আরোহী।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মিরসরাইয়ের ধুমঘাট ফরেস্ট অফিসের সামনে মহাসড়কের ঢাকামুখী লেইনে গাছবোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুতগতির সেন্টমার্টিন পরিবহনের একটি দ্বিতল যাত্রীবাহী বাস ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তারা হলেন— মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের নুর আলমের ছেলে নাফিজ আয়ন (১৬), চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার মো. হেলালের মেয়ে ছানিতুন নাহার (২৫) এবং গাইবান্ধার ফুলতলী থানার কাতলামারী গ্রামের মৃত নয়া বেপারীর ছেলে মন্টু মিয়া (৪৫)।

নিহত নাফিজ আয়ন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে নয়জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় পিএবি সড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

নিহত আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিওরী গ্রামের বাসিন্দা এবং মো. মুছার ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান জানান, সকালে মোটরসাইকেলে করে শহর থেকে আনোয়ারার দিকে যাওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক গাড়িটি শনাক্তে কাজ করছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন