অভিযানের মধ্যেই বদলির খবর শুনলেন ডিসি আমিরুল

চট্টগ্রাম ব্যুরো

অভিযানের মধ্যেই বদলির খবর শুনলেন ডিসি আমিরুল
ছবি: ডিসি আমিরুল ইসলাম

রাত তখন প্রায় ১২টা। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনায় ব্যস্ত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম। অভিযানের মধ্যেই সহকর্মীদের কাছ থেকে জানতে পারেন, তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়েছে।

শুক্রবার রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক দাপ্তরিক আদেশে নগর পুলিশের তিনজন উপ-পুলিশ কমিশনারকে বদলি করা হয়। ওই আদেশে উত্তর বিভাগের ডিসি আমিরুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে সিএমপির ওয়েলফেয়ার এন্ড ফোর্সের ডিসি হাসান মোস্তফা স্বপনকে।

বিজ্ঞাপন

একই আদেশে গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানকে দক্ষিণ বিভাগের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে নগর পুলিশের বিভিন্ন ইউনিটে ধারাবাহিকভাবে রদবদল চলছে। এর অংশ হিসেবেই এই বদলি আদেশ জারি করা হয়েছে। তবে বদলির পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বদলির বিষয়ে জানতে চাইলে ডিসি আমিরুল ইসলাম আমার দেশকে বলেন, গত এক বছরে দেশ ও জনগণের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়েছি। কোথাও ভুলত্রুটি হয়ে থাকলে সেটি অনিচ্ছাকৃত। নতুন কর্মস্থলেও একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব।

সিএমপির কর্মকর্তারা বলছেন, উত্তর বিভাগ চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক এলাকা। এই বিভাগের আওতায় থাকা থানা ও এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং বিভিন্ন বিশেষ অভিযান পরিচালনায় ডিসি আমিরুল ইসলাম সক্রিয় ভূমিকা পালন করেছেন। বদলির আদেশ জারির সময়ও তিনি মাঠপর্যায়ে অভিযানে ছিলেন, যা পুলিশ সদস্যদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে নগর পুলিশের বিভিন্ন ইউনিটে কার্যক্রমের গতি ও সমন্বয়ে নতুন মাত্রা যোগ হতে পারে। তবে হঠাৎ এই রদবদল নিয়ে পুলিশ প্রশাসনের ভেতরে ও বাইরে নানা আলোচনা চলছে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন