লক্ষ্মীপুরে মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে বাসা থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানা।
বুধবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ইব্রাহিম ছুট্টু সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের বক্স আলী ভূঁইয়া বাড়ির মৃত সৈয়দ আহম্মদ ভূঁইয়ার ছেলে। অন্যদিকে, মাসুদ রানা বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, বুধবার দুপুরে পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় খোরশেদকে গুলি করে হত্যা করা হয়। একই এলাকার ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহিম ছুট্টু, কামরুল, বাচ্চু, হিরু, জহিরসহ আরও পাঁচ-ছয়জন সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি গুলি করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছুট্টু ও মাসুদকে আটক করে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিহত খোরশেদ পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় মাটির ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, খোরশেদ মাটির ব্যবসা করতেন। বুধবার দুপুরে দুজন লোক তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তাঁরা দৌড়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে খোরশেদকে গুলি করতে দেখেন। তাঁদের অভিযোগ, ওয়ালিদ মাটির ব্যবসা নিয়ে এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছেন। মোরশেদ ও মজিদ নামে দুজন তাঁকে ডেকে নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তাঁরা।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

