সার ডিলারশিপ নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতি, তালিকায় মন্ত্রী ও এমপিদের স্বজনরা

প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে উত্তাল সারা দেশ

প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে উত্তাল সারা দেশ

সার ডিলারশিপ নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে ফুঁসে উঠেছেন কৃষকসহ সাধারণ মানুষ। এ নিয়ে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রয়েছে। যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে সারের ডিলারশিপ নিয়ে আবেদনকারীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। যোগ্য ব্যক্তিদের ডিলারশিপ না দিয়ে দলীয় বিবেচনা, অনৈতিক লেনদেন ও স্বজনপ্রীতির মাধ্যমে ডিলারশিপ দেওয়ার অভিযোগ করেছেন সাধারণ আবেদনকারীরা। একই সঙ্গে উপজেলা ও পৌর বিএনপি নেতা এবং স্বতন্ত্র এমপির পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ায় ক্ষুব্ধ তৃণমূল বিএনপির ত্যাগী নেতাকর্মীরাও।

বিজ্ঞাপন

জানা যায়, ফুলবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য আবেদনকারীদের মধ্য থেকে আটজন ডিলার নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির একাধিক নেতা, নেতার ভাই, এমনকি আওয়ামী লীগের দোসরও রয়েছেন। নিয়মনীতির তোয়াক্কা না করে শুধু অনৈতিক লেনদেন ও রাজনৈতিক বিবেচনায় এসব ডিলারশিপ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ওই মানববন্ধনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাজিহাল ইউনিয়ন বিএনপি সভাপতি মাহবুবুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সেক্রেটারি তছলিম সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও দলীয়করণ, দুর্নীতি, দখলবাজি এবং চাঁদাবাজির অভিযোগ এবং তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং সার সংকটের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।

গতকাল সোমবার সকালে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন।

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তীব্র সার সংকট, সার ডিলার নিয়োগে অনিয়ম এবং ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগে দলীয়করণের প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার সকালে মহেশপুর উপজেলা পরিষদের সামনের সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মদের সভাপতিত্বে ও সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে নতুন সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের আত্মীয়স্বজন, ব্যক্তিগত সহকারী (পিএস), বিএনপি নেতা ও তাদের পরিবারের সদস্যদের নামে ডিলারশিপ দেওয়ার অভিযোগ করেছেন বঞ্চিত আবেদনকারীরা। তাদের দাবি, কোনো কোনো ক্ষেত্রে ২০ থেকে ২৫ লাখ টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি।

জানা গেছে, জামালপুর জেলার ৬৮টি ইউনিয়ন ও আটটি পৌরসভায় নতুন ডিলার নিয়োগের পর এসব অভিযোগ সামনে এসেছে। নিয়োগপ্রাপ্ত কয়েকজনের ব্যবসায়িক অভিজ্ঞতা, নিজস্ব দোকান ও গুদাম নিয়ে প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা। মেলান্দহের ফুলকোচা ইউনিয়নে সাইকেল মেরামতের দোকানে সারের সাইনবোর্ড লাগানোর ঘটনাও ঘটেছে। অথচ নিজস্ব দোকান ও গুদাম থাকা সত্ত্বেও ডিলার হতে পারেননি বলে অভিযোগ করেছেন এক ব্যবসায়ী।

বঞ্চিতদের অভিযোগ, যোগ্যতা ও অবকাঠামো যাচাইয়ের চেয়ে রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে। তারা নিয়োগপ্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বরাদ্দ বাতিলের দাবি জানিয়েছেন।

প্রকাশিত তালিকা ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, জামালপুর সদর পৌর এলাকায় সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুনের ভাগিনা খন্দকার আবুল খায়ের মোহাম্মদ ফয়সাল মেসার্স মোহাম্মদ আলী ট্রেডার্সের নামে ডিলার হয়েছেন। একই সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সুমন আহমেদ দিগপাইত ইউনিয়নে মা-বাবা এন্টারপ্রাইজের নামে এ দায়িত্ব পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের ছেলে মোহতামিম আমিনও কেন্দুয়া ইউনিয়নে মেসার্স টি আর ট্রেডার্সের নামে নিয়োগ পেয়েছেন।

সরিষাবাড়ী পৌর এলাকায় এফটি চ্যানেল নামের প্রতিষ্ঠানের মাধ্যমে ডিলার হয়েছেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের ভাই ফকরুল কবির নাদিম তালুকদার।

দেওয়ানগঞ্জে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের চাচাতো ভাই ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জাহিদুর রহমান সঞ্চয় সিদ্দিকা এন্টার প্রাইজ এবং তার ভাগিনা আতিকুর রহমান মেসার্স উমরাহ এন্টারপ্রাইজের নামে ডিলারশিপ পাওয়ার তথ্য পাওয়া গেছে।

মেলান্দহের আদ্রা ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জুর স্ত্রী রোকসানা কবির মেসার্স রুহানী সোর্সের নামে ডিলার হয়েছেন। একই উপজেলার পৌর এলাকায় পৌর বিএনপির সভাপতি মনোয়ার হাওলাদারের স্ত্রী খাদিজা পারভীন পেয়েছেন মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজের ডিলারশিপ।

মাদারগঞ্জের চর পাকেরদহ ইউনিয়নে উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমানের স্ত্রী হাফিজা আক্তার মনি মেসার্স এম রহমান এন্টারপ্রাইজের নামে নিয়োগ পেয়েছেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুও পৌর এলাকায় মেসার্স সাকু এন্টারপ্রাইজের নামে ডিলার হয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির নেতা, তাদের স্ত্রী, সন্তান ও স্বজনদের নামে বরাদ্দ পাওয়ার অভিযোগ রয়েছে।

মেলান্দহের আবেদনকারী বিএনপি নেতা আজম খান বলেন, আমরা অনেকেই ডিলারের জন্য আবেদন করেছিলাম। কিন্তু কোনো প্রকার তদন্ত না করেই মনগড়াভাবে তাদের নামে সুপারিশ পাঠানো হয়েছে। এতে আমরা অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি হয়রানির শিকার হয়েছি। আমার মতো মাঠপর্যায়ের অনেক নেতাও আবেদন করে ডিলার নিয়োগ পাননি। অথচ নেতাদের স্ত্রীরাও ডিলারশিপ পেয়েছেন।

মেলান্দহের ফুলকোচা ইউনিয়নে মেসার্স নুর ট্রেডার্সের নামে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ রতন। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে ফুলকোচা বাজারের একটি সাইকেল মেরামতের দোকানে সার ডিলারশিপের সাইনবোর্ড দেখা গেছে বলে জানা গেছে।

জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জামালপুরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বলেন, আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। মাঠপর্যায়ে মনিটরিংয়ের সময় ছুটিতে ছিলাম। যাদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে, তা সাময়িক। সার ডিলার নিয়োগ নীতিমালার ব্যত্যয় ঘটলে বিধি মোতাবেক বাতিল হয়ে যাবে। জেলা সার বীজ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, এ বিষয়ে কী বলব, ইউএনওদের বক্তব্য নেন। সার ডিলার নিয়োগ ও ল্যাপটপ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ তুলে।

জয়পুরহাট প্রতিনিধি জানান, সার ডিলারশিপ নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম । গত শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি গত ছয় মাসের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, সার ডিলারশিপ বণ্টনে নির্যাতিত নেতাকর্মীরা সুযোগ পাননি, বরং প্রভাবশালীদের আত্মীয়স্বজনদের প্রাধান্য দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন