রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত
নিহত ইয়াছিন মিয়া ওরফে মিশকাত । ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে চাচার ছুরিকাঘাতে গুরুতর আহত ইয়াছিন মিয়া ওরফে মিশকাত (২২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বোনজামাই মাসুম মিয়ার অভিযোগ, দেবই মাদ্রাসার দপ্তরি ও ইয়াছিনের চাচা মামুনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলছিল। এর জের ধরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে ইয়াছিনকে একা পেয়ে হামলা চালান মামুন। এ সময় রিয়াদ, শান্তসহ অজ্ঞাতপরিচয় আরো চার-পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে মামুন তার হাতে থাকা ছুরি দিয়ে ইয়াছিনের পেটে আঘাত করেন বলে অভিযোগ করেন মাসুম মিয়া।

বিজ্ঞাপন

পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

নিহত ইয়াছিন মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি দেবই-কাজীরবাগ মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। আগামী সপ্তাহে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু পরীক্ষায় অংশ নেওয়ার আগেই সহিংসতার শিকার হয়ে প্রাণ হারালেন তিনি।

এ ঘটনায় নিহতের বোনজামাই মাসুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে ইয়াছিনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার কথা রয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, হামলার ঘটনায় আগেই একটি অভিযোগ পাওয়া গিয়েছিল। সেটির ভিত্তিতে মামলা হয়েছে। নিহতের ঘটনায় নতুন করে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন