আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন দেরিতে চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

মিজানুর রহমান রাঙ্গা, সাঘাটা (গাইবান্ধা)

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন দেরিতে চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

বোনারপাড়া-সান্তাহার-পঞ্চগড় রেলওয়ে রুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সিডিউলে দুই থেকে তিন ঘণ্টা দেরিতে চলাচল করায় হাজার হাজার যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। ট্রেনটির কম্পারমেন্ট, আসন ব্যবস্থা ও জনবল সহ ভিতরে প্রায় সব কিছু ঠিক থাকলেও চলাচল করছে লোকাল ট্রেনের ন্যায়।

বিজ্ঞাপন

চলাচলকারী যাত্রীরা জানান, নির্ধারিত সময়সূচি মেনে কখনোই চলাচল করছে না ট্রেনটি। সময় মত স্টেশনে এসে অপেক্ষার প্রহর গুণতে হয়।

এলাকার যাত্রীরা জানান, সড়ক পথে সহজ যোগাযোগ না থাকায় গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশনকে ঘিরে আশে পাশের অন্তত ৪টি উপজেলার মানুষ ট্রেনের উপর ভরসা করে বগুড়া ও রংপুর শহরে যাতায়াত করে। দুই শহরে চিকিৎসা,পড়াশুনা ও ব্যবসায়িক কাজে এই দোলনচাপাঁ এক্সপ্রেস ট্রেনটিতেই যাতায়াত করতে হয় হাজার হাজার যাত্রীকে।

সাঘাটার বোনারপাড়ার যাত্রীরা জানান, নির্ধারিত সূচি মোতাবেক প্রতিদিন দুপুর ১টা ৩৫ মিনিটে বোনারপাড়া স্টেশনে এসে ১টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও দুপুর আড়াইটার পরে আসে এই ট্রেন। কোন কোন দিন তিনটারও পর আসে। প্রতিদিন এভাবে দেরিতে চলাচল করায় যাত্রীরা বিড়ম্বনায় পড়ে বগুড়ায় পৌঁছতে দেরি হচ্ছে।

রেলওয়ে সুত্র জানায়, ৭৬৭/৭৬৮ নং দোলনচাপাঁ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল ৬টায় পঞ্চগড় থেকে বগুড়ার সান্তাহারের উদ্দেশে ছেড়ে দেয়। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও সাঘাটার বোনারপাড়া সহ মোট ১৭টি স্টেশনে যাত্রা বিরতি করে গন্তব্যে পৌঁছায় বিকাল ৩টা ৫০মিনিটে। দ্বিতীয় র‌্যাক সান্তাহার স্টেশন থেকে সকাল ১১টায় ছেড়ে গিয়ে একই ভাবে পঞ্চগড়ে পৌঁছে রাত ৮টা ২০মিনিটে। ট্রেনটির ১০টি বগিতে ২৭টি নন এসি প্রথম শ্রেণি, ১৮০টি শোভন ও ২৮৮টি সাধারণ শোভন মিলে ৪৯৫টি আসন রয়েছে।

বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার প্রদীপ কুমার বলেন, অনেক সময় বেশি ক্রসিং এর কবলে পড়লে ট্রেনটি চলাচল দেরি হয়। রেলওয়ের লালমনিরহাট ডিভিশনাল ট্রাফিক সুপারিনটেনডেন্ট (ডিটিএস) খালিদুন নেছার সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন