গোপালগঞ্জে ফের সহিংসতার শঙ্কা, ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ফের সহিংসতার শঙ্কা, ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

এক দিনের লকডাউনকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ক্ষত এখনো শুকায়নি। পুড়ে যাওয়া থানা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং আতঙ্কিত মানুষ—সব মিলিয়ে গোপালগঞ্জে এখনো কাটেনি অস্থিরতার রেশ। এর মধ্যেই নতুন করে বিক্ষোভ, মশাল মিছিল ও টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। পাল্টা অবস্থানের ঘোষণা দিয়েছে বিএনপিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এতে জেলায় বিজিবির মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৫৫ প্লাটুনে। রাজনৈতিক কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার তৎপরতা এবং নিরাপত্তা জোরদার—সব মিলিয়ে আগামী কয়েক দিন নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কয়েকজন গণমাধ্যমকর্মীর কাছে ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মুঠোফোনে দৈনিক আমার দেশকে মতিয়ার রহমান হাজরা জানান, ২০ নভেম্বর দোয়া ও প্রার্থনা কর্মসূচির পর ২২ থেকে ২৬ নভেম্বর প্রতিদিন সারা দেশে বিক্ষোভ মিছিল, ২৭ ও ২৮ নভেম্বর মশাল মিছিল এবং ২৯ ও ৩০ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক লকডাউন পালন করা হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী এসব কর্মসূচি সারা দেশে পালিত হবে বলেও জানান তিনি।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাত সাড়ে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার মাজড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সি ফররুখ হোসেন মিন্টুর নেতৃত্বে মিছিলে অংশ নেন দলটির নেতাকর্মীরা।

একই সঙ্গে আগামীকাল সকালে কাশিয়ানী উপজেলায় বিক্ষোভ মিছিল উপলক্ষে উপজেলাব্যাপী মাইকিং করেছে ছাত্রলীগ।

এ ছাড়া রোববার বেলা ১১টায় কেএসপি রুফটপে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, শনিবার দুপুরে মুকসুদপুরে বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড ও সহিংসতার জবাব দিতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি। সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবেন।

দুই দলের এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে গোপালগঞ্জে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে গত ১৯ নভেম্বরের সহিংসতার পর জেলার জনজীবন পুরোপুরি স্বাভাবিক হতে না হতেই নতুন কর্মসূচির ঘোষণা সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে।

১৯ নভেম্বরের সহিংসতায় ব্যাপক ক্ষয়ক্ষতি

গত ১৯ নভেম্বর লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুর ও টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানা দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তী সময়ে কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। একই সঙ্গে জেলার তিন বর্তমান সংসদ সদস্য ও সাবেক এক সংসদ সদস্যের বাসভবনেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনসহ তাঁর স্বজনদের অন্তত ১৫টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘটায় বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সহিংসতার জেরে দুই দিন কার্যত অচল হয়ে পড়ে পুরো গোপালগঞ্জ জেলা। গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিগত সম্পত্তিতে হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। স্থানীয়দের অনেকে বলছেন, আগের সহিংসতার ভয়াবহতা কাটিয়ে ওঠার আগেই নতুন কর্মসূচির ঘোষণা তাঁদের আরও শঙ্কিত করে তুলেছে।

জেলায় মোট ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

এ পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এতে জেলায় বিজিবির মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৫৫ প্লাটুনে। বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় নিরাপত্তা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা কাজ করবেন।

একদিকে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত হওয়ার তৎপরতা—সব মিলিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন এবং বিএনপির পাল্টা অবস্থান বাস্তবে কী পরিস্থিতি তৈরি করে, তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, ১৮ নভেম্বর থেকে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা কম। সাম্প্রতিক সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের ভূমিকা ও নিরাপত্তাব্যবস্থা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। নতুন করে বিপুলসংখ্যক বিজিবি মোতায়েনের পর সাধারণ মানুষের প্রত্যাশা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং কোনো রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে আর সহিংসতা ছড়িয়ে পড়বে না।

নভেম্বরের শেষ সপ্তাহ ও ডিসেম্বরজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন এবং বিএনপির পাল্টা অবস্থানের মধ্যে আগামী দিনগুলোতে জেলার পরিস্থিতি কী দাঁড়ায়, তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা।

আগের সহিংসতার ক্ষত এখনো দৃশ্যমান। নতুন কর্মসূচির ঘোষণায় সেই ক্ষত আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন অনেকে। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে সাধারণ মানুষের প্রত্যাশা—রাজনৈতিক কর্মসূচি যেন আর কোনো প্রাণহানি, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের কারণ না হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছেন গোপালগঞ্জবাসী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...