দিনাজপুর পৌরসভাকে জনবান্ধব করার দাবিতে নাগরিক সমাবেশ

দিনাজপুর পৌরসভাকে জনবান্ধব করার দাবিতে নাগরিক সমাবেশ

দিনাজপুর পৌরসভাকে জনবান্ধব করাসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে ‘নাগরিক ভাবনা: আমাদের করণীয়’ শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে নাগরিকেরা ১৫৭ বছরের প্রাচীন দিনাজপুর পৌরসভার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে রাস্তাঘাট সংস্কার ও চলমান সংস্কারকাজ দ্রুত শেষ করা, যানজট নিরসন, ইজিবাইক নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পৌর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সময়মতো ময়লা-আবর্জনা পরিষ্কারসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এসব সমস্যা দ্রুত সমাধানে পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

প্রথমবারের মতো এ ধরনের নাগরিক সমাবেশ আয়োজন করায় পৌর কর্তৃপক্ষকে অভিনন্দন জানান নাগরিকেরা। পাশাপাশি বছরে অন্তত একবার এমন সমাবেশ আয়োজনের পরামর্শ দেন তারা। একই সঙ্গে পৌর এলাকার নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন পৌরসভার প্রশাসক ও ডিডিএলজি শেখ হাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রফিকুল আলম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. মুকশেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, দিনাজপুর শহর জামায়াতের আমির মো. সিরাজুস সালেহীন এবং এনসিপি জেলা কমিটির সভাপতি শামসুল মোক্তাদির।

নাগরিকদের মধ্যে বক্তব্য দেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আফরোজা বেগম, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) প্রধান শিক্ষক মো. নেজাউল ইসলাম, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, রায়হান আলী খান তাজ, এ কে এম মাসুদুর ইসলাম মাসুদ, রেহাতুল ইসলাম খোকা, কাজী আশরাফউজ্জামান বাবু, জেলা বিএনপির সহসভাপতি সোলায়মান মোল্লা, বিএনপি নেতা নাজমুল হক লিটন, দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সাবেক সভাপতি আখতার আজিজ, ভোক্তা অধিকারকর্মী আইনুল হক, সাংবাদিক শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, জিয়াউল করিম জুয়েল, মিজানুর রহমান সাজু, শিক্ষক মাসুদ মোস্তাফিজ, ক্যাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও অটোরিকশা শ্রমিক মুখলেসুর রহমানসহ অনেকে।

সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন