আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামুতে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

রামুতে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

কক্সবাজারের রামুতে মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিশু নিহত এবং চালকসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামু হাইওয়ে ক্রসিং থানার পুলিশের ওসি নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলো— উখিয়া উপজেলার পালংখালী এলাকার ফরিদুল ইসলামের মেয়ে বুসরা (৭) এবং একই এলাকার নুরুল আলমের মেয়ে জান্নাতুল মাওয়া মনি (১৪)।

আহতরা হলেন একই এলাকার সরওয়ার আলম ফয়সালের স্ত্রী উম্মে হাবিবা বিউটি (২৬), তার মেয়ে ফায়জা বিনতে ফয়সাল (৬) এবং সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ সাঈদী (২৭)। সাঈদী রাজাপালং ইউনিয়নের বাগনের পাহাড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বিকেলে কক্সবাজারমুখী একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এক শিশু নিহত হয় এবং চালকসহ চারজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত জান্নাতুল মাওয়া মনি ও উম্মে হাবিবা বিউটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। তবে চমেকে নেওয়ার পথে ঈদগাঁও এলাকায় পৌঁছালে জান্নাতুল মাওয়া মনির মৃত্যু হয়। আহত অন্য দুইজন বর্তমানে কক্সবাজারে চিকিৎসাধীন রয়েছেন।

রামু হাইওয়ে থানার ওসি নাছির উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত মিনি-ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন