মৃত্যুর দুই বছর পার হলেও পুলিশের করা সন্ত্রাসবিরোধী আইনে নাশকতার মামলার আসামি হয়েছে গাজীপুরের শ্রীপুরের সাবেক দুই জনপ্রতিনিধি। তাদের একজন পৌরসভার সাবেক কাউন্সিলর, অন্যজন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
জীবিত না থাকা সত্ত্বেও সন্ত্রাসী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে তাদের আসামি করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায়ও আলোচনা তৈরি হয়েছে।
গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন। মামলায় মোট ১১১ জনকে আসামি করা হয়েছে। তাদের তালিকার ৯১ নম্বরে রয়েছেন শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগর। অথচ তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মারা গেছেন। তার বাড়ি পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে।
একই মামলার ১০৪ নম্বর আসামি গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলী। বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর প্রায় দুই বছর পর করা মামলায় তাদের দুজনকেই আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। এতে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিলকে প্রধান আসামি করা হয়েছে।
মৃত আলী আজগরের জামাতা ফজলে রাব্বী বলেন, ‘একজন মানুষ মারা যাওয়ার দুই বছর পর কীভাবে তাকে মামলার আসামি করা হয়? বিষয়টি খুবই দুঃখজনক। এতে তাদের পরিবার কষ্ট পেয়েছে। এখন বিষয়টি কীভাবে মীমাংসা হবে, তা-ও বুঝতে পারছি না।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে মামলা করা হয়েছে, এতে অনেক আসামি রয়েছেন। কীভাবে মৃত ব্যক্তিদের নাম আসামির তালিকায় এসেছে, তা তদন্ত করা হচ্ছে এবং দুজনের নাম চূড়ান্তভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

