নৌকাবাইচ প্রতিযোগিতায় জয়নুল আবেদীন এমপি

১৭ বছর স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ পায়নি মানুষ

কালকিনি, ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

১৭ বছর স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ পায়নি মানুষ
নৌকা বাইচ প্রতিযোগিতায় জয়নুল আবেদীন এমপি। ছবি: আমার দেশ

দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ পায়নি। একই সঙ্গে বাঙালির লোকজ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচের মতো আনন্দ-উৎসব আয়োজন থেকেও মানুষ বঞ্চিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি।

শুক্রবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জয়নুল আবেদীন বলেন, ‘আনিসুর রহমান তালুকদার খোকন সংসদ সদস্য নির্বাচিত হতে পেরেছেন বলেই আজ এই সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে এবং তিনি চমৎকার এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন।’

বাঙালির লোকজ ঐতিহ্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নৌকাবাইচ আমাদের শত বছরের প্রাণের ঐতিহ্য। নানা কারণে এই ঐতিহ্য একসময় হারিয়ে যেতে বসেছিল। অতীতে সাধারণ মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ও আনন্দের সঙ্গে নৌকাবাইচ উপভোগ করতেন। খোকন তালুকদার কালকিনিতে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য আবারও ফিরিয়ে এনেছেন।

অনুষ্ঠানে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি। এছাড়া বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নৌকাবাইচ ঘিরে আড়িয়াল খাঁ নদীর দুই তীরে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার দর্শনার্থী নদীর দুই পাড়ে ভিড় করে প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকার ছন্দময় বৈঠার তালে তালে দর্শনার্থীদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন