রাসায়নিক বর্জ্য শোধন ছাড়া প্রাকৃতিক খালে ফেলা যাবে না: এমপি মনিরুল

প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

রাসায়নিক বর্জ্য শোধন ছাড়া প্রাকৃতিক খালে ফেলা যাবে না: এমপি মনিরুল

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, ইপিজেডের রাসায়নিক বর্জ্য অবশ্যই শোধনাগারে পরিশোধনের পর প্রাকৃতিক খালে ছাড়তে হবে। শোধন ছাড়া কোনো অবস্থাতেই পরিবেশে বর্জ্য নিঃসরণ করা যাবে না।

শনিবার (৬ জুন) কুমিল্লা ইপিজেডের সম্মেলন কক্ষে বেপজা কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত নির্বাহী পরিচালক (কমার্শিয়াল) হাসানুজ্জামান, অতিরিক্ত নির্বাহী পরিচালক (আইআর) ফেরদৌস, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী সফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।

মতবিনিময় সভায় এমপি মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা ইপিজেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এখানে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং রপ্তানি কার্যক্রমও সন্তোষজনক পর্যায়ে রয়েছে। এ সাফল্যের জন্য তিনি বেপজা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তবে তিনি বলেন, ইপিজেড এলাকার শিল্পপ্রতিষ্ঠান থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে মিশে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাব আশপাশের কৃষিজমি ও ফসল উৎপাদনের ওপরও পড়ছে, ফলে স্থানীয় কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে বর্জ্য ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং শোধনাগারের কার্যকারিতা নিশ্চিত করতে হবে।

সভায় তিনি কুমিল্লা ইপিজেডের সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির কারণে নতুন শিল্প ইউনিট স্থাপনের চাহিদা বাড়ছে। এ বাস্তবতায় বর্তমান ইপিজেডের দক্ষিণাংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত সম্প্রসারণের সুযোগ রয়েছে। পাশাপাশি গোমতী নদী-এর উত্তর তীরে নতুন একটি ইপিজেড স্থাপনের সম্ভাবনাও বিবেচনা করা যেতে পারে।

সভা শেষে ইপিজেডের সার্বিক কার্যক্রম, বিনিয়োগ পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংসদ সদস্যের সঙ্গে বেপজা কর্মকর্তারা বিস্তারিত আলোচনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন