ছাত্রদল নেতার ধাওয়ায় ছাত্রলীগের মিছিল ছত্রভঙ্গ, আটক ৫

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

ছাত্রদল নেতার ধাওয়ায় ছাত্রলীগের মিছিল ছত্রভঙ্গ, আটক ৫

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করার চেষ্টা ভেস্তে গেছে। ছাত্রদলের এক নেতার বাধা ও ধাওয়ার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার জুমার নামাজের আগে বেনাপোল পৌরগেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ১৫ থেকে ২০ জন যুবক হাতে ছাত্রলীগের ব্যানার নিয়ে আকস্মিকভাবে একটি মিছিল বের করার চেষ্টা করে। তারা পৌরগেট এলাকার প্রধান সড়কে মিছিল নিয়ে অগ্রসর হতে চাইলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের নেতা রেজাউর রহমান ভুট্টো ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিছিলকারীদের বাধা দেন। একপর্যায়ে ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত বিভিন্ন দিকে ছুটে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সন্দেহজনক পাঁচজনকে আটক করা হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের উসকানিমূলক বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন