কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

চট্টগ্রাম ব্যুরো

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার বিদ্যুৎ ভবনের সামনে মহানগর যুবলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মাথায় কাফনের কাপড় বেঁধে ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী বন্দর এলাকা থেকে মিছিল নিয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হন। তাদের হাতে থাকা ব্যানারে হামে শিশুমৃত্যু, শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের কথা উল্লেখ ছিল।

বিজ্ঞাপন

মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে অংশগ্রহণকারীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মিছিলটির নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা ও জুলাই হত্যা মামলার আসামি গোলাম সামদানি জনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি জুন মাসে চট্টগ্রামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অন্তত তিনটি মিছিল করেছেন। শুক্রবারের আগ্রাবাদের মিছিলটি নগর এলাকায় অনুষ্ঠিত তৃতীয় মিছিল। এর আগে গত সোমবার নগরের জিইসি মোড় ও আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী এলাকায় এবং গত বুধবার নগরের অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পৃথক মিছিল করেন।

এসব ঘটনার পর চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ৭০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, “আগ্রাবাদ এলাকায় অনুষ্ঠিত মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। ভিডিও বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন