আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি সহিংসতা নিয়ে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, চাঁদপুর

নির্বাচনি সহিংসতা নিয়ে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
ছবি: আমার দেশ।

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে নির্বাচনি সহিংসতা নিয়ে বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ এনে পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে বিএনপির প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ সংবাদ সম্মেলন করেন। পরে একইদিন সন্ধ্যার পর সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমএ হান্নান।

বিজ্ঞাপন

বিএনপির প্রার্থীর সংবাদ সম্মেলনে লায়ন মো. হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হান্নানের অনুসারীদের একটি অংশ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচনি পরিবেশ নষ্টের চেষ্টা করছে। তিনি দাবি করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে প্রচার চালালেও একটি পক্ষ পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে তৎপর।

সংবাদ সম্মেলনে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রধান সমন্বয়ক শরীফ মোহাম্মদ ইউনুছ লিখিত বক্তব্য পাঠ করেন। এতে বলা হয়, বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু ব্যক্তি অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

অন্যদিকে একইদিন সন্ধ্যার পর বিএনপি থেকে বহিস্কৃত উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করে বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে তার ও তার কর্মী-সমর্থকদের ওপর দফায় দফায় হামলা চালানো হয়েছে।

তিনি আরো বলেন, গত ৫ ফেব্রুয়ারি রাতে প্রশাসনের উপস্থিতিতে তার ওপর হামলা, গাড়ি ভাংচুর এবং উপস্থিত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটলেও প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় পুলিশসহ সংশ্লিষ্টরা প্রকারান্তরে এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলেও তিনি দাবি করেন। পরিস্থিতির উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।

এর আগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার অন্যতম সমন্বয়কারী ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এসব সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উভয় পক্ষের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত পৃথক স্থানে সংঘটিত এসব ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন