আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মনপুরায় জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১০

উপজেলা প্রতিনিধি, মনপুরা (ভোলা)

মনপুরায় জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১০

ভোলার মনপুরায় নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, মনপুরা উপজেলা বিএনপির এক নেতার বাড়ির পাশে জামায়াতের কর্মী-সমর্থকরা গণসংযোগ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এই সংঘর্ষে স্থানীয় এক সাংবাদিকসহ দুই দলের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের বিষয়ে উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম বলেন, ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেন এবং একপর্যায়ে হামলা চালান। এতে জামায়াতের অন্তত ছয় কর্মী আহত হন। এদের মধ্যে তিনজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম ফরাজি বলেন, বিএনপির নেতাকর্মীরা একটি বাড়িতে ভোট চাইতে গেলে জামায়াতের নেতারাও সেখানে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

মনপুরা থানার ওসি শেখ ফরিদ উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন