নরসিংদীর চরাঞ্চলের যেসব এলাকায় সংঘাত-সংঘর্ষ হয় সেগুলো রাজনৈতিক নয়, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বংশগত, সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপটে এসব সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। এমন মন্তব্য করেছেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
তিনি শুক্রবার (৫ জুন) দুপুরে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল চরদিঘলদী ইউনিয়নের টিডিরচর গ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সরকারি সহায়তার চেক বিতরণকালে এ কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, এখন চরাঞ্চলের এসব পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আগের সে অবস্থা নাই। মানুষ সংঘাতের ট্রেডিশন থেকে বের হয়ে আসছে। আধুনিক প্রযুক্তির যুগে প্রশাসনসহ আমরা এখন সহজে এসব ঘটনার খবরাখবর পাচ্ছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মানুষ এখন শান্তি চায়,এসব সংঘাত চায় না, আমরা শান্তির পক্ষে।
তিনি আরো বলেন, অপরাধী যে দলেরই হউক তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জনগণ যাতে ন্যায় বিচার পায় সে ব্যবস্থা নেয়া হবে। যাদের কাছেই অস্ত্র থাকবে তাদের বিরুদ্ধে দলমত বিবেচনা না করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
খায়রুল কবির বলেন, কোন প্রকার প্রাণঘাতী এবং অবৈধ অস্ত্র যাদের কাছে পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেন এ আহবান এসময় তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লাসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

