কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নে ফসলি জমির পাশের একটি নালার পানির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় খালেদা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার খালেদা বেগম কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কাদের হোসেন ও খতিজা বেগম দম্পতির মেয়ে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে দায়িত্বরত এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ অক্টোবর বেলা পৌনে দুইটার দিকে জানা যায়, রামু উপজেলার কচ্ছপিয়া এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল বিকেল সাড়ে চারটার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা কেচোবুনিয়াছড়া এলাকায় জেবর মল্লিকের চাষের জমিতে বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে খালেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জেবর মল্লিকের চাষের জমির পাশের বাঁশের সাঁকোসংলগ্ন নালার পানির নিচে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি কর্মকর্তা আ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তার খালেদা বেগম একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার দুই ছেলে এই কারবারে তার সহযোগী হিসেবে কাজ করেন। অভিযানকালে তারা পালিয়ে গেলেও তাদের আইনের আওতায় আনতে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার নারী ও পলাতক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ও জব্দকৃত মোবাইল ফোনসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-c92e09-720x405.webp)